জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষ; পুণ্যার্থীসহ নিহত অন্তত ২৭

জিম্বাবুয়ের পতাকা
বিদেশে এখন
0

জিম্বাবুয়ের মধ্যাঞ্চলে একটি পণ্যবাহী ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে চিভুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আজ (শনিবার, ২৯ আগস্ট) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মিনিবাসটিতে করে পুণ্যার্থীরা একটি ধর্মীয় সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় বিদেশি রেজিস্ট্রেশন নম্বরের একটি পণ্যবাহী ভারী ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মিনিবাসটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সময় দুটি যানে মোট কতজন আরোহী ছিলেন, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ভয়াবহ এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি প্রচারিত ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যদিকে ট্রাকটি ছিটকে রাস্তার উল্টো পাশে গিয়ে পড়ে। একটি প্রত্যন্ত ও ফাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এএম