রাজা হারাল্ডের মৃত্যুতে নরওয়েজুড়ে শোক; প্রাসাদের সামনে সাধারণ মানুষের ঢল

রাজপ্রাসাদের বাইরে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন শোকাহত মানুষ
বিদেশে এখন
0

নরওয়ের প্রয়াত রাজা পঞ্চম হারাল্ডকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী ওসলোর রাজপ্রাসাদের সামনে ভিড় করছেন দেশটির হাজারো নাগরিক। শুক্রবার ৮৯ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউরোপের সবচেয়ে প্রবীণ এই রাজা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার রাতে ভারি বৃষ্টির মধ্যেই ওসলো বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে রাজপ্রাসাদে নেয়া হয় রাজার মরদেহ। এ সময় রাজপথের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাদের রাজাকে বিদায় জানান। রাজপ্রাসাদের চ্যাপেলে রাজার কফিন রাখা হবে, যেখানে নাগরিকেরা তাকে সরাসরি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। সেখানে রাজকীয় প্রতীক মুকুট, তরবারি ও রাজদণ্ডের পাশাপাশি পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক রাখা হবে।

রাজার মৃত্যুতে নরওয়েজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মেট্রো স্টেশন, বাসস্টপ, বিভিন্ন দোকানপাট এবং সরকারি ভবনে রাজার প্রতিকৃতি প্রদর্শন করা হচ্ছে।

তিন দশকের বেশি সময় সিংহাসনে থাকা রাজা হারাল্ড তার উদারতা ও পরমতসহিষ্ণুতার জন্য জনগণের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। ২০১৬ সালে এক ভাষণে তিনি বলেছিলেন, ‘নরওয়েজিয়ানরা সেই সব মেয়ে, যারা মেয়েদের ভালোবাসে; সেই সব ছেলে, যারা ছেলেদের ভালোবাসে এবং সেই সব তরুণ-তরুণী, যারা একে অপরকে ভালোবাসে।’ প্রাসাদের সামনে দাঁড়িয়ে মারি এইডসভাগ নামের ৩২ বছর বয়সী এক নারী বলেন, ‘তিনি সাধারণ মানুষের প্রতি কেমন অনুভব করতেন এবং আমাদের একে অপরের প্রতি কেমন মনোভাব রাখা উচিত—এই বক্তব্যেই তা স্পষ্ট।’

এদিকে রাজা হারাল্ডের মৃত্যুর পরপরই নরওয়ের নতুন রাজা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ৫৩ বছর বয়সী ছেলে রাজা অষ্টম হাকন। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে উপস্থিত হয়ে নরওয়ের সংবিধান ও আইন রক্ষার আনুষ্ঠানিক শপথ নেবেন তিনি।

এএম