৪ ঘণ্টার বৈঠক শেষে ৩ দফা লিখিত আশ্বাস, অনশন ভাঙলেন ওয়াংচুক

সোনম ওয়াংচুক
এশিয়া
বিদেশে এখন
0

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে ৪ ঘণ্টার বৈঠক শেষে সোনম ওয়াংচুকের কাছে দাবি পূরণের ৩ দফা লিখিত আশ্বাসপত্র তুলে দেন কেন্দ্রীয় দুই মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। এরপরই ২৬ দিনের টানা আমরণ অনশন ভাঙেন ওয়াংচুক। লিখিত পত্রে চলমান আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা না করা, ভবিষ্যতে প্রশ্নফাঁস রোধে সংসদে আলোচনা ও সাম্প্রতিক মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের ক্ষতিপূরণের আশ্বাস উল্লেখ আছে।

সোনম ওয়াংচুক। সাম্প্রতিক সময়ে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে ওঠা জনতা ককরোচ পার্টি সিজেপির আন্দোলনের অন্যতম প্রাণভোমরা এ অধিকারকর্মী।

গত মাসের ২৮ জুন থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষাখাতে সংস্কারসহ নানা দাবিতে দিল্লির যন্তর-মন্তরে আমরণ অনশন শুরু করেন ওয়াংচুক। এতে সিজেপির আন্দোলন পায় নতুন মাত্রা। টানা অনশনে শরীর ভেঙ্গে পড়লেও মনোবলে অটুট ছিলেন ওয়াংচুক। এরপর অনশনের ২১তম দিনে তাকে জোর করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। শুরু হয় অনশন ভাঙ্গানোর উদ্যোগ।

এরই ধারাবাহিকতায় বুধবার হাসপাতালে ভর্তি ওয়াংচুকের সঙ্গে দেখা করেন মোদি সরকারের দুই কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। পরে যন্তর-মন্তরের আন্দোলন ও সংসদ অভিমুখী পদযাত্রায় অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা না নেয়ার আশ্বাস দিলে অনশন ভাঙ্গবেন বলে সরকারকে চিঠি পাঠান ওয়াংচুক।

ওয়াংচুকের চিঠি পাওয়ার পর, বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে মোদি প্রশাসন। ভারতের গণমাধ্যমগুলোর খবর, ওয়াংচুকের দাবিগুলো বিবেচনা করতে মধ্যস্থতাকারী ২ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ৪ ঘণ্টার বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর জানানোর পর বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দফায় ওয়াংচুকের সঙ্গে দেখা করেন জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। পরে সরকারের কাছে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা না করাসহ ৩ দফা আশ্বাস পাওয়ার পর স্যুপ খেয়ে অনশন ভাঙ্গেন ওয়াংচুক।

জেআর