এক মাসে তৃতীয় ঘূর্ণিঝড়ের আঘাতের শঙ্কায় ভারত, রেড অ্যালার্ট

ভারতে ঘূর্ণিঝড়ের আঘাতের শঙ্কা
এশিয়া
বিদেশে এখন
0

এক মাসেরও কম সময়ের ব্যবধানে তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানতে যাচ্ছে ভারতে দুই উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়। এর প্রভাব রাজ্য দুটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ওড়িশার ১৩ জেলায় জারি করা হয়েছে রেড এলার্ট। ৯ জেলায় বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এখন পর্যন্ত ভূমিধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার ৭২ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি রাজ্যে।

‘অর্ণব’ এর পর এবার ভারতের দুই উপকূলীয় রাজ্য ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আগামীকাল (শুক্রবার, ২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের নরসাপুর কিংবা ওড়িশার পুরী উপকূলের কোনো একটিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এসময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হওয়া বইতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত।

তবে আঘাত হানার একদিন আগেই আকভানের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলোতে বিরাজ করছে বৈরী আবহাওয়া , অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। ভূমিধসের আশঙ্কায় এখন পর্যন্ত ওড়িশার ঝুঁকিপূর্ণ এলাকার প্রায় লাখো বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় আতঙ্কে ওড়িশার একাধিক জেলায় বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্থগিত করা হয়েছে ‘স্টেট সিলেকশন বোর্ডে’র পরীক্ষাও। উপকূলীয় এলাকায় জারি রয়েছে রেড অ্যালার্ট।

আরও পড়ুন:

আকভান আতঙ্কে পুরীর সমুদ্র সৈকতে নামার ক্ষেত্রে পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র এলাকায় মাইকিং করে পর্যটকদের সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে প্রশাসন। প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট দপ্তর।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুরীর জগন্নাথ মন্দিরে বিশেষ দর্শনের ক্ষেত্রে কিছুটা বিধি-নিষেধ থাকছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত আছে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

এদিকে ‘আকভানে’র প্রভাবে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকেই পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় হালকা ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা।

অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সুন্দরবন ভ্রমণে যাওয়া পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করেছে কর্তৃপক্ষ। সমুদ্র তীরবর্তী বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এসএস