রান্নায় সিএনজি গ্যাস ব্যবহার; নোয়াখালীতে রেস্টুরেন্টকে জরিমানা

নোয়াখালী
রেস্টুরেন্টে সিএনজি গ্যাসের সিলিন্ডার
এখন জনপদে
আইন ও আদালত
0

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অবৈধভাবে অনুমোদনহীন সিএনজি গ্যাস রান্নায় ব্যবহারের অপরাধে নোয়াখালীতে এক রেস্টুরেন্ট মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (সোমবার, ১৮ মে) রাত সাড়ে এগারোটায় জেলার সদর উপজেলার মাইজদী হাসপাতাল রোডের নিউ ভোজন বিলাস নামের রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, রেস্টুরেন্টের রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার না করে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস ব্যবহার করে আসছিল ওই প্রতিষ্ঠানটি। সিএনজি গ্যাস দাহ্য পদার্থ হওয়ায় এটি কোনোভাবেই রান্নায় ব্যবহার করার সুযোগ নেই। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ওই রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেস্টুরেন্টটিতে রান্নায় সিএনজি গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। তিনি জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রেস্টুরেন্টে রান্নার কাজে অনুমোদনহীন অবৈধভাবে সিএনজি গ্যাস ব্যবহার করায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী খায়রুল বাশার মঞ্জু জরিমানা কৃত টাকা নগদ পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না বলে মুচলেকা দিয়েছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ