ঢাকায় নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বমুখী দাম, ক্রেতারা অস্বস্তিতে

সবজি ও মাছের দাম বৃদ্ধি
বাজার
0

সংযমের মাসে যেন অসংযমী নিত্যপণ্যের বাজার। হঠাৎ কিছু পণ্যের দাম বৃদ্ধি নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। রমজানের দ্বিতীয় দিনেও শসা, টমেটো, গাজর, ফুলকপি কিনতে হচ্ছে প্রথম রোজার মতোই বাড়তি দামে। এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের ঝাল বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। মানভেদে বেগুন ৮০ থেকে ১২০ টাকা, কোনো কোনো বাজারে তা ছুঁয়েছে ১৪০ টাকা। এদিকে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার পাশাপাশি আমদানি করা রসুনের দাম কেজিতে বেড়েছে প্রায় ৫০ টাকা।

আমিষের বাজারেও চাপ স্পষ্ট। রমজানের আগে ১৬০ থেকে ১৭০ টাকায় পাওয়া বয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। সোনালি মুরগির দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৩২০ থেকে ৩৫০ টাকা। মাছের বাজারে রুই ২২০ থেকে ৩২০ টাকা কেজি, আর ওজনভেদে ইলিশের কেজি ছুঁয়েছে ১৭০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন:

ফলের বাজারেও টের পাওয়া যাচ্ছে রমজানের আঁচ। ২৬০ টাকার মাল্টা বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৪০ টাকায়, ৩০০ টাকার আপেল ৩৩০ থেকে ৪০০ টাকা। দেশি ফলের মধ্যে কলার দাম ডজনে বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা। আর খেজুরের বাজার ৪০০ টাকা কেজি থেকে শুরু হয়ে মানভেদে উঠেছে ৭০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত।

নজরদারির ঘাটতি আর অতিরিক্ত মুনাফার লোভেই কাঁচাবাজার আবারও অস্থিতিশীল, এমনটাই দাবি ক্রেতাদের। তারা বলছেন, সরবরাহ ও তদারকি নিশ্চিত না হলে রোজার পুরো মাসজুড়েই এমন ভোগান্তি আরও বাড়বে।


এএম