পুনর্দখল ঢামেকের আশপাশের ফুটপাত, সান্ধ্যকালীন বাজার নিয়ে ভাবছে সরকার

ফুটপাতের পাশে ভাসমান দোকান
দেশে এখন
0

প্রশাসকের দখলমুক্ত ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই আবারও পুনর্দখল ঢাকা মেডিকেলের প্রধান সড়কসহ আশপাশের ফুটপাত। এসব হকার ও ভাসমান দোকানিরা চান পুনর্বাসনের ব্যবস্থা। হকারদের পুনর্বাসনে সান্ধ্যকালীন বাজারের বিষয়ে সরকার ভাবছে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক।

গণমাধ্যমকর্মীদের ডেকে এভাবেই ঢাকা মেডিকেলের প্রধান ফটক ও ফুটপাথ দখলমুক্ত ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। ঘড়িতে সময় তখন বেলা সাড়ে ১১টা।

প্রশাসকের কাছ থেকে থেকে এমন বক্তব্যর পর আমরা অপেক্ষায় থাকলাম আদৌতে কতক্ষণ দখলমুক্ত থাকে নগরীর এই গুরুত্বপূর্ণ জায়গা। নিরাশ করেনি হকার ও ভাসমান দোকানিরা। আমাদের অপেক্ষা করতে হয় ঘণ্টাখানেক। এরপরই আগের অবস্থায় ফিরতে শুরু করে এলাকার চিত্র। একে একে বসতে শুরু করে হকার ও ভাসমান সব দোকান। মুহূর্তেই দখল হয়ে যায় প্রধান সড়ক থেকে শুরু করে মেডিকেলের আশপাশের প্রায় সব ফুটপাত।

হকাররা জানান, কর্মসংস্থান নেই বিধায় হকার। পুনর্বাসনের ব্যবস্থা করে দিলে এখান থেকে সবাই সরে যাবে।

আরও পড়ুন:

এখানে কেবল ভাসমান দোকান কিংবা হকারদের উপদ্রব না। মেডিকেলের প্রধান সড়ক দখলে পিছিয়ে নেই অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগে পড়ছেন পথচারী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা। তারা চান এর স্থায়ী সমাধান।

এমন পুনরায় দখল হওয়ার ঘটনা অজানা নয় খোদ প্রশাসকেরও। সহযোগিতা চাইলেন পুলিশ প্রশাসনসহ সাধারণ মানুষেরও। তবে রোগীদের কথা বিবেচনা করে অতি প্রয়োজনীয় কিছু দোকান অনুমোদনের কথা কর্তৃপক্ষ ভাবছে বলেও জানান দক্ষিণ সিটির এই প্রধান কর্মকর্তা। পাশাপাশি হকার ও ভাসমান দোকানিদের পুনর্বাসন ও সন্ধ্যাকালীন বাজারের বিষয় সরকার ভাবছে বলেও জানান তিনি।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘আমরা ঢাকা শহরে সান্ধ্যকালীন বাজার করবো। অফিস টাইমের পরে। আমরা হলি ডে মার্কেট করবো শুক্র এবং শনি। সেটার জন্য আমরা জায়গা ঠিক করেছি। সেগুলো আমরা দেবো। তার আগে আমাদের তালিকা করতে হবে।’

এদিকে, বেলা ১১টায় ঢাকা মেডিকেল এলাকা দখলমুক্ত ও সৌন্দর্য বাড়াতে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম।

ইএ