প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধিদল
দেশে এখন
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এরিক কুর্জেভেইল। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় উভয় পক্ষই বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি জোরদার করা ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়৷

এসময় উপদেষ্টা বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

ইএ