পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রতিনিধিদল
দেশে এখন
0

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একটি প্রতিনিধিদল। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইআরসির এশিয়া অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক হাসিনা রহমান। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির আঞ্চলিক অ্যাডভোকেসি বিশেষজ্ঞ এবং অ্যাডভোকেসি ও কমিউনিকেশন প্রধান শাবিরা নূপুর।

সাক্ষাৎকালে বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সহনশীলতা গড়ে তোলার মাধ্যমে প্রাণহানি ও জীবিকার ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।’

আলোচনায় উভয়পক্ষ দুর্যোগ-পূর্ব প্রস্তুতি জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি, জলবায়ুজনিত দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় কমিউনিটির সক্ষমতা উন্নয়ন এবং টেকসই সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

উভয়পক্ষ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অগ্রাধিকারগুলো বাস্তবায়নে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার এবং ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি ও অভিঘাত মোকাবিলায় দেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি বাংলাদেশ ও আইআরসির মধ্যকার সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসএস