মাঝরাতে কাটাবনের ভবনে আগুন, নিহত ২

কাটাবনের আগুন
দেশে এখন
0

রাজধানীর কাটাবনে বহুতল ভবনে আগুন দু’জনের মৃত্যু হয়েছে। টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ১৪ তলা এই ভবনে আবাসিক ও কমার্শিয়াল দু’টি ইউনিট থাকলেও রাখা হয়নি অগ্নিনির্বাপণের ব্যবস্থা।

রাত ১টা বেজে ৫ মিনিট। কাটাবনের আল বারাকা বহুতল ভবনের ১২ তলার একটি ফ্লাটে আগুন আবিষ্কার করে পাশের ভবনের বাসিন্দারা। মুহূর্তেই সেই আগুন পৌঁছে যায় ১৩ তলার একটি ফ্ল্যাটেও। প্রচণ্ড ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পরে আতঙ্ক।

পাশের ফ্ল্যাটের একজন বলেন, ‘রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমরা দেখতে পাই যে আগুনের ধোঁয়া। ধোঁয়া দেখতে পাওয়ার কারণে আমরা সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ি।’

অন্য একজন বলেন, ‘সম্পূর্ণটা নিয়ন্ত্রণে আসছে খুবই কম সময়ে, আমি এটা দেখছি। কিন্তু তারপরেরটায় পানি শেষ হয়ে গেছে। যেটুকু জানতে পারছি আমি নিচে এসে, পানি শেষ হয়ে গেছে, পরেরটায় ওখানে লেগে গেছে।’

স্থানীয় একজন বলেন, ‘আমি তখন দেখতেছি যে আগুন কেবল জ্বলতেছে মানে অত ভয়াবহ হয় নাই। ওইটা আর কি একটা বেডরুম মতো ছিল, কিন্তু ওইটা আর কি আমি যতদূর শুনছি যে ওইটা কোনো মানুষ থাকে না, ওইটা হচ্ছে একটা অফিস।’

অন্য একজন বলেন, ‘কিন্তু ওদের এই জায়গাটা এত ন্যারো যে এরা যে মোটর বা পাম্প অথবা যে জেনারেটর যেটাই বলেন ওদের যে সাইজটা আছে, সেটা যে নিবে সেই স্পেসটুকু নাই।’

আরও পড়ুন:

আল বারাকাসহ আশপাশের ভবন থেকে সবাই নিরাপদে নেমে আসলেও বের হতে পারেনি ওই দুই ফ্ল্যাটের দুই সহকারী। প্রায় দেড় ঘণ্টা পর একটি বাথরুম থেকে তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল ও বার্ন ইউনিটে পাঠানো হয়। তবে শেষ রক্ষা হয়নি।

নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব বলেন, ‘যে দুইজনকে রেসকিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণের আসার পরে যখন তাপ কিছুটা কমে আসছে, ওই দুইজনকে একজনকে ঢাকা মেডিকেল কলেজের আরেকজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সবশেষ এ সংবাদ পাইলাম আমার দুইটা পার্টি ওখানে দুই হাসপাতালে আছে, দুইজনই মারা গেছে।’

এদিকে শুরুতে ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরবর্তীতে যুক্ত হয় আরও চার ইউনিট। টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। মানা হয়নি বিল্ডিং কোড। ফলে বেগ পেতে হয়েছে আগুন নেভাতে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের পলাশী থেকে দুইটা ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটা ইউনিট, মোট ছয়টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ আনে। প্রায় দুই ঘণ্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। যেহেতু অগ্নি-নির্বাপণ ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরেই বিল্ডিংটা ছিল।’

তবে কোথায় থেকে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

এসএস