পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গিলবার্ট এফ. হোংবো
দেশে এখন
0

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। আজ (রোববার, ১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে আইএলও মহাপরিচালক জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সভাপতিত্বের সময় আইএলওর সঙ্গে সহযোগিতা আরও জোরদার হবে।

আলোচনায় বাংলাদেশের শ্রমখাতের সাম্প্রতিক অগ্রগতি, শিশুশ্রম পরিস্থিতি, শ্রম আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে আইএলওর অব্যাহত সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে শ্রমখাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে আইএলওর কারিগরি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রমখাতে সাম্প্রতিক অগ্রগতি এবং শিশুশ্রম হ্রাসে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ খাতে আইএলওর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

এএইচ