ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’-এর সমাপনী

‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’-এর সমাপনী
দেশে এখন
1

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুরে অনুষ্ঠিত হয়েছে ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর সমাপনী অনুষ্ঠান। কয়েক সপ্তাহের প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) কোর্সটির আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানে ক্যাপস্টোন ফেলো কাজী শাহ আরফিন কোর্স সম্পন্নের সনদ গ্রহণ করেন।

ক্যাপস্টোন কোর্সে দেশের বিভিন্ন পেশা ও ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেন। কোর্স চলাকালে জাতীয় নিরাপত্তা, নেতৃত্ব, অর্থনীতি, সুশাসন, কূটনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা পরিদর্শনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান ক্যাপস্টোন ফেলোরা। এসব কার্যক্রমের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে তাদের বাস্তবভিত্তিক ধারণা আরও সমৃদ্ধ হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন:

কোর্স সম্পন্নের পর কাজী শাহ আরফিন বলেন, ‘এই কোর্স আমার জন্য শুধু একটি প্রশিক্ষণ বা সনদ অর্জনের বিষয় ছিল না। দেশ, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও নেতৃত্বকে আরও বিস্তৃত দৃষ্টিতে বোঝার একটি অসাধারণ সুযোগ ছিল।’

তিনি বলেন, ‘বিশেষ করে দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে জাতীয় নিরাপত্তা কতটা গভীরভাবে জড়িত, ক্যাপস্টোন কোর্সের মাধ্যমে সেই উপলব্ধি আরও দৃঢ় হয়েছে।’

এসময় তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সহকর্মী ক্যাপস্টোন ফেলোদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সনদ প্রদানের মধ্য দিয়ে ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, কোর্সে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে দেশ ও জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

এফএস