শান্তি ও বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ: সাচিং প্রু জেরী

চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী
এখন জনপদে
দেশে এখন
0

শান্তি, সম্প্রীতি, সংহতি, সুষম বণ্টন ও বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নতুন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। আজ (রোববার, ২৩ আগস্ট) দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাচিং প্রু বলেন, ‘হিল ট্র্যাকসে যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর এমপাওয়ার্ড হিসেবে আমি সবাইকে নিয়ে, সব সেক্টরকে নিয়ে একজন ভ্যানগার্ড হিসেবে ওনার পাশে থেকে এই হিল ট্র্যাকস থেকে শান্তি, সম্প্রীতি, সংহতি, সুষম বণ্টন এবং বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল হিসেবে গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পরিস্থিতি গণমাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের চিন্তা, চেতনা ও লেখনি শুধু বাংলাদেশের মানুষের ওপর নয়, বিশ্বের মানুষের ওপরও প্রভাব ফেলে। তাই পার্বত্য অঞ্চলের যেকোনো বিষয় খুব যত্ন সহকারে উপস্থাপন করা প্রয়োজন।

তিনি বলেন, ‘হিল ট্র্যাক্টসের যেকোনো পরিস্থিতি, যেকোনো ব্যাপারে আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা যেন স্পেশালি খুব কেয়ারফুলি এবং আপনারা এটাকে নার্সিং করবেন, কেয়ারফুলি আপনারা উপস্থাপন করবেন। তাহলে কী হবে, সারা বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের মানুষ আমাদের পার্বত্য অঞ্চলের প্রতি একটা গুড মেসেজ যেন সবসময় থাকে, পজিটিভ অ্যাটিটিউড যেন থাকে।’

পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে সবাইকে অভিন্ন মিশন ও ভিশন নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এককভাবে কারও পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হবে।

নিজের দীর্ঘদিনের প্রশাসনিক ও স্থানীয় সরকারে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সাচিং প্রু বলেন, ১৯৮৬ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে স্থানীয় সরকার পরিষদ ও জেলা পরিষদের দায়িত্ব পালন করেন। সাত বছর ডেপুটি মিনিস্টার পদমর্যাদায়ও দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমার জীবনের সৌভাগ্য, আমি ৭০০-৮০০ চাকরি নিজ হাতে দিতে পেরেছি এবং আমার এখানে যতগুলো জাতিসত্তা আছে সবাইকে সুষম বণ্টন করে দিয়েছি। রেকর্ড উইল স্পিক।’

পার্বত্য অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের মধ্যে বিরোধ ও সংঘাতের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাকে কাজ করতে দেন। টাইম উইল স্পিক।’

তিনি বলেন, ‘একার কারও কিছু করার নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রীয় পেরিফেরির পর স্টেট সোভারেন্টিকে সামনে রেখে আমরা যাই কিছু করি, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য স্টেট এবং এই লাল-সবুজের পতাকাটাকে সামনে রেখে আমাদের কমিটেড হয়ে কাজ করতে হবে।’

নতুন দায়িত্বে বড় চ্যালেঞ্জ কী মনে করছেন জানতে চাইলে সাচিং প্রু বলেন, ‘ব্যক্তিগত চ্যালেঞ্জ কিন্তু কিছু না, সর্বজনীন টিমওয়ার্ক, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ মোকাবিলা করার উত্তম এবং শ্রেয় পন্থা।’

ইএ