সংবাদমাধ্যমের ভুল তথ্য দিয়ে গবেষণা প্রতিবেদন, দুঃখপ্রকাশ সিপিডির

সিপিডির গবেষণা প্রতিবেদনের অংশ ও লোগো
দেশে এখন
0

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই না করে গবেষণা প্রতিবেদনে ব্যবহারের কারণে তৈরি হওয়া বিভ্রান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আজ (মঙ্গলবার, ২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্য স্বাক্ষরিত ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাভিত্তিক ডিজিটাল অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্টে’ প্রকাশিত একটি প্রতিবেদন সিপিডির নজরে এসেছে। সেখানে গত ২৪ আগস্ট অনুষ্ঠিত ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত তথ্যের বিষয়ে প্রশ্ন তোলা হয়।

সিপিডির উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্যবিষয়ক অধ্যায়ে বলা হয়েছিল, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদীর তিনটি প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হয়েছেন।

সিপিডি জানায়, প্রতিবেদন তৈরিতে সংসদ ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন:

তবে শিল্পকারখানা বন্ধের ওই তথ্যটি ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেয়া হয়। গবেষণা প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি বলে জানিয়েছে সিপিডি।

পরবর্তী সময়ে সিপিডি জানতে পারে, ঢাকা ট্রিবিউনের আগের প্রতিবেদনে ৫ মার্চ ২০২৫ তারিখে প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদের মূল সময়কাল পরিবর্তন করে জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছিল। ঢাকা ট্রিবিউন পরে ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে প্রতিবেদনটি সংশোধন করে।

সিপিডি বলছে, মূল উৎস যাচাই না করায় গবেষণা প্রতিবেদনে ভুল তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। ‘অনবধানতাবশত বিভ্রান্তি সৃষ্টির ফলে আমরা দুঃখ প্রকাশ করছি’, বিজ্ঞপ্তিতে বলা হয়।

তবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে তাদের উদ্বেগ পুরোপুরি অমূলক নয় বলেও দাবি করেছে সিপিডি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতারা শিল্পকারখানা বন্ধের বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন উল্লেখ করে সংস্থাটি বলেছে, এ কারণে বিষয়টি গবেষণায় গুরুত্ব পেয়েছে। তথ্যটিতে বিভ্রান্তি থাকলেও শিল্প খাতের পরিস্থিতি নিয়ে সরকারের বিশেষ নজর দেয়া প্রয়োজন বলে মনে করে সিপিডি।

ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতিও দিয়েছে গবেষণা সংস্থাটি। একইসঙ্গে বিষয়টি নজরে আনার জন্য দ্য ডিসেন্টকে ধন্যবাদ জানিয়েছে সিপিডির গবেষণা দল।

এসএস