রুমিনের প্রশ্ন ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের লাভ কী, উত্তরে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

রুমিন ফারহানা ও পররাষ্ট্রমন্ত্রী
দেশে এখন
0

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যুক্ত হলে দেশের কী সুবিধা হবে— তা জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশকে এই প্যাক্টে অন্তর্ভুক্ত করার আগ্রহ সংশ্লিষ্ট দেশগুলো প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) জলবায়ু পরিবর্তনবিষয়ক একটি মূল প্রশ্নের সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা এ বিষয়ে জানতে চান।

রুমিন ফারহানা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে তো আর চাইলেই পাওয়া যায় না। সুতরাং, আমার প্রশ্নটি জলবায়ুর ওপর না হলেও, তার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

স্পিকারের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি জানতে চান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের সুবিধা কী হবে, কিংবা বাংলাদেশ এই প্যাক্ট থেকে কী পেতে পারে?

স্পিকার বলেন, প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে পুরোপুরি সংশ্লিষ্ট নয়। তবে পররাষ্ট্রমন্ত্রী চাইলে এর উত্তর দিতে পারেন, অথবা এ বিষয়ে নোটিশ দেয়ার কথা বলতে পারেন।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, রুমিন ফারহানা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি বলেন, ‘এই প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। আমরা এই প্যাক্টকে ইতিবাচক হিসেবে দেখছি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এতে বাংলাদেশের যোগদান বা যোগদানের বিষয়টি এখন পর্যন্ত আসেনি। কারণ, এটি নির্ভর করছে প্যাক্টের সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই সেটি ইতিবাচকভাবেই বিবেচনা করবো। কিন্তু তার আগে এর ভালো-মন্দ নিয়ে আলোচনা করার সময় সম্ভবত এখনও আসেনি।’

খলিলুর রহমান বলেন, ‘সরকার বিষয়টির সব দিক বিবেচনায় রাখবে।’ প্যাক্টটি বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং, এটি নিয়ে অন্য কারও উদ্বেগের কোনো অবকাশ নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে স্পিকার গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

জেআর