আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ

সিসিটিভি ফুটেজ
দেশে এখন
0

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির অফিস কক্ষে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, জাকি তার অফিস কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে বৈঠক করছেন, এমন সময় ৮-৯ জন সেখানে প্রবেশ করেন। এরপর তারা তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে মারধর শুরু করেন।

জাকি জানান, সরকারি প্রতিষ্ঠানে ‘কিছু দুর্বৃত্ত’ হামলা চালিয়েছে।

যোগাযোগ করা হলে ড্যাবের মহাসচিব জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘ঘটনায় জড়িত ‘‘দুই পক্ষই’’ আমাদের লোক।’

তিনি বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। আমরা এ ধরনের কোনো ঘটনা সমর্থন করি না। যদি কেউ ড্যাবের নাম ব্যবহার করে, তবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’

তিনি নিশ্চিত করেন, ঘটনার নেতৃত্ব দেয়া ব্যক্তি ড্যাবের সদস্য বলে তারা তথ্য পেয়েছেন।

আইইডিসিআর হলো একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, যা রোগ প্রাদুর্ভাব পর্যবেক্ষণ, গবেষণা পরিচালনা এবং জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারির দায়িত্ব পালন করে।

বিএনপি সরকার গঠনের পর আইইডিসিআরের সর্বোচ্চ পদ, অর্থাৎ পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদকে নিয়োগ দেয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে তিনি গবেষণা করেন।

কী কারণে এই ঘটনা ঘটল, এ নিয়ে কাজী আহমেদ জাকি ও ড্যাব মহাসচিব তাৎক্ষণিকভাবে কিছু বলেননি।

তবে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, ‘এই সরকারের সময় কাজী আহমেদ কী করে মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজের অফিসে বৈঠক করেন?’

জনস্বাস্থ্যবিদ মীরজাদী সেব্রিনা ফ্লোরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর; আইইডিসিআরের পরিচালক ছিলেন। পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান।

জেআর