রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ইউনিট-১-এ শুরু হল পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দেশে এখন
0

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের কমিশনিং কার্যক্রম আরও এক ধাপ এগিয়েছে। কেন্দ্রটির ১ নম্বর ইউনিটে আনুষ্ঠানিকভাবে ‘পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি’-এর কাজ শুরু হয়েছে।

এর আগে ১ নম্বর ইউনিটে স্টেজ সি-এর কার্যক্রম শুরুর প্রয়োজনীয় অনুমোদন দেয়া হয়। কমিশনিং প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিভিন্ন প্ল্যান্ট ব্যবস্থার সমন্বিত সঞ্চালন ও পরিচালন ক্ষমতা পরীক্ষা করে দেখা হবে।

এ ধাপে রিঅ্যাক্টর, প্রাইমারি ও সেকেন্ডারি সিস্টেম, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, রিঅ্যাক্টর প্রোটেকশন এবং সেফটি সিস্টেমসহ গুরুত্বপূর্ণ কাঠামোগুলোর সমন্বিত কার্যকারিতা যাচাই করা হচ্ছে। এ প্রক্রিয়াকে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির কমিশনিং অগ্রগতির একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এ পর্যায় সফলভাবে সম্পন্ন হওয়ার পর ১ নম্বর ইউনিটের জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার পাশাপাশি জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। পুরো কমিশনিং কার্যক্রমে পারমাণবিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এএম