ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলের জয়রথ চলছেই। বিশ্বের বাঘা বাঘা লিগকে পেছনে হটিয়ে আয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মিলিত স্পন্সরশিপ আয় এবার ১ হাজার ৩৩ কোটিতে পৌঁছেছে। এ বিশাল আয়ের বড় অংশই দখল করে রেখেছে তিন জনপ্রিয় দল মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। প্রতিটি দলই প্রায় ১৫০ কোটি রুপি করে স্পন্সরশিপ আয় করেছে, যা তাদের আইপিএলের বাণিজ্যিক ‘টপ টিয়ার’ এ নিয়ে গেছে। দ্বিতীয় সারিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স যাদের আয়ও উল্লেখযোগ্য।
আরও পড়ুন:
আইপিএলের বিজ্ঞাপনের ধরনেও এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে ফ্যান্টাসি গেমিং অ্যাপের আধিপত্য ছিল, এখন সেখানে প্রযুক্তি, এভিয়েশন, ফিনটেক ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বড় বড় কোম্পানি যুক্ত হচ্ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অংশগ্রহণও বেড়েছে, যারা ভারতের বাইরেও আইপিএলকে ব্যবহার করছে নিজেদের প্রচারণায়।
বিশ্বের অন্যান্য লিগের সঙ্গে তুলনা করলে, ইংলিশ প্রিমিয়ার লিগ এখনো মোট আয়ের দিক থেকে এগিয়ে থাকলেও, প্রতি ম্যাচের মিডিয়া স্বত্ব মূল্যে আইপিএল এখন দ্বিতীয় শুধু এনএফএল এর পরেই।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো যেখানে ইউরোপ ও আমেরিকার লিগগুলো প্রায় সারা বছর চলে, সেখানে আইপিএল মাত্র দুই মাসের টুর্নামেন্ট। অথচ এ স্বল্প সময়েই বিপুল অর্থনৈতিক লেনদেনের কারণে একে বিশেষজ্ঞরা বলছেন ‘বাণিজ্যিক স্প্রিন্ট’ অল্প সময়ে সর্বোচ্চ আর্থিক সাফল্যের এক অনন্য উদাহরণ।





