হাসানের ৪ উইকেটের পরও স্বস্তিতে নেই বাংলাদেশ; ৭৩ রানে পিছিয়ে সফরকারীরা

বোলিং করছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ
এখন মাঠে
0

তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনশেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের চেয়ে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ। টেগু উইলির সেঞ্চুরিতে স্বাগতিকরা বেশ বড় পুঁজি পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেমে সুবিধা করতে পারেননি সাদমান-মুমিনুলরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল টেস্ট সিরিজে নামার আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে কিছুটা ব্যাকফুটে থেকেই তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা।

দ্বিতীয় দিনের শুরুতে জশ ফিলিপকে ফেরান হাসান মাহমুদ। এক পর্যায়ে ১৩৯ রানের মাঝেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ৫ উইকেট নিয়ে লিডের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। যদিও টেগু উইলির সেঞ্চুরিতে ৩৫৫ রানে থামে স্বাগতিকদের ইনিংস। প্রতিপক্ষ ৯২ রানের বড় লিড নিয়ে ইনিংস শেষ করলেও নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন হাসান।

বাংলাদেশের ক্রিকেট দলের পেসার হাসান মাহমুদ বলেন, ‘বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে যদি বলি আমরা বোলিং হিসেবে সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি। ওভারঅল আমার মনে হচ্ছে যে আমরা খুবই ভালো শুরু করেছি এবং বোলাররা খুবই ভালোভাবে লাইন-লেংথ মেইনটেইন করে বোলিং করেছে এবং এখানে কন্ডিশন খুবই ভালো।’ 

অস্ট্রেলিয়ায় আসার আগে কাউন্টি ক্রিকেটে আলো ছড়িয়েছিলেন হাসান। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসেও নিয়েছেন ৪ উইকেট। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আবহাওয়ায় খুব বেশি পার্থক্য দেখছেন না এই টাইগার পেসার। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করার প্রত্যাশা হাসানের কণ্ঠে।

বাংলাদেশের ক্রিকেট দলের পেসার হাসান মাহমুদ বলেন, ‘লন্ডনে  যেই কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যেই কন্ডিশন, দুটোকেই আমি বলব যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেইনটেইন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই। সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি যে সেটা মেইনটেইন করার।’ 

দিনের শেষটা অবশ্য সুখের হয়নি বাংলাদেশের। মাত্র ১৯ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে টাইগাররা। সাদমান ও মুমিনুল দুজনেই ৬ রানে সাজঘরে ফিরেছেন। ৭৩ রানে পিছিয়ে থেকে তৃতীয় ও শেষ দিন শুরু করবে বাংলাদেশ।

এএম