১৭ বছর আগে গড়ে তোলা হয় গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি। যেখানে সকাল-বিকাল প্রশিক্ষণ নেন প্রায় ২০০ জন ক্রিকেটার।
শহরের পুরনো এই একাডেমি থেকে উত্থান হয় জাতীয় দলের পেসার খালেদ আহমেদের। এ মূহুর্তে একাডেমিটিতে অনুশীলন করা ক্রিকেটারদের কাছে বড় অনুপ্রেরণা তিনি। তাকে দেখে অনেকেই আগ্রহী হন গ্রীন সিলেটে প্রশিক্ষণ নিতে। খালেদের মতো জাতীয় দলের হয়ে খেলা তাদের স্বপ্ন।
একাডেমির একজন খেলোয়ার বলেন, 'এখান থেকেই তো খালেদ ভাই জাতীয় দলে গিয়েছেন। তার মতো পরিশ্রম করতে পারলে আমিও পারবো। এখানে নিয়মিত ম্যাচ খেলা হয়।'
প্রায় ৫ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন খালেদ আহমেদ। একাডেমি সংশ্লিষ্টরা বলছেন, ব্যস্ততা থাকলেও সুযোগ পেলেই একাডেমিতে আসেন সিলেটে জন্ম নেয়া এই ক্রিকেটার। সাধ্যমতো একাডেমিতে থাকা ক্রিকেটারদের সহযোগিতাও করেন ৩১ বছর বয়সী পেসার।
গ্রীন সিলেট ক্রিকেট একাডেমির সহকারী কোচ মুহিন আহমেদ বলেন, 'খেলোয়াড়দের অনেক মোটিভেশন করে। খালেদের কাছ থেকে মানসিকভাবে ছাড়াও আরও বিভিন্নভাবে সাপোর্ট পাচ্ছি আমরা।'
একাডেমির নিজস্ব কোনো মাঠ না থাকায় সিলেট জেলা স্টেডিয়ামে হয় অনুশীলন। একাডেমিটিতে মাসে ৮০০ টাকায় ক্রিকেট শেখার সুযোগ পান শিক্ষার্থীরা। তাছাড়া আর্থিকভাবে অস্বচ্ছলদের কাছ থেকে কোনো ফি নেয়া হয় না।





