এসব একাডেমিতে বাছাই করা খুদে ক্রিকেটারদের বিনা খরচে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ (রোববার, ২২ নভেম্বর) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানান তিনি।
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। এ বিষয়ে তামিম বলেন, ‘২০৩১ বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে, এটা আগে থেকেই নির্ধারিত। এখানে আমার কিংবা আমার বোর্ডের কোনো অবদান নেই। তবে আমি চেষ্টা করেছি, অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়।’
এ বিষয়ে আশাবাদ জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি খুবই আশাবাদী, এ রকম কিছু একটা হবে। আইসিসি যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, তখন বিষয়টি পরিষ্কার হবে। আমরা যদি একটি সেমিফাইনাল বাংলাদেশে আনতে পারি, সেটা খুব ভালো একটি অর্জন হবে।’
এদিকে ঢাকার বাইরে ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়াতে বিসিবির নিজস্ব একাডেমি চালুর পরিকল্পনার কথাও জানান তামিম। শুরুতে ছয়-সাতটি শহরে একসঙ্গে এসব একাডেমির কার্যক্রম শুরু করতে চান তিনি। এজন্য সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালের মতো শহরে বিদ্যমান মাঠ, ইনডোর সুবিধা ও বিসিবির বেতনভুক্ত কোচদের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
তামিম বলেন, ‘সিলেটে মাঠ, উইকেট ও ইনডোর সুবিধা রয়েছে। কোচদের বেতনও দেয় বিসিবি। তাই সেখানে একাডেমি চালু করতে বাড়তি যা প্রয়োজন, তা হলো বল আর কাপড়। আগামী ২৮ নভেম্বরের বোর্ড সভায় এ বিষয়ে প্রস্তাব তুলবো। অনুমোদন পেলে কয়েক মাসের মধ্যে কার্যক্রম শুরু করার আশা।’
পরিকল্পনা অনুযায়ী, একাডেমিগুলো হবে অনাবাসিক। শহর ও আশপাশের এলাকার বাছাই করা খুদে ক্রিকেটাররা সেখানে প্রশিক্ষণ নেবে। পড়াশোনার বিষয়টি বিবেচনায় রেখে সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমির কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট সব খরচ বহন করবে বিসিবি।
একাডেমি চালুর পরিকল্পনার পেছনে বয়সভিত্তিক ক্রিকেটের প্রস্তুতি প্রক্রিয়ায় পরিবর্তন আনার বিষয়টিও তুলে ধরেন বিসিবি সভাপতি। তার মতে, প্রতিযোগিতা শুরুর ঠিক আগে খেলোয়াড়দের বয়স যাচাই ও প্রস্তুতির পরিবর্তে অন্তত চার মাস আগে বাছাই করে প্রশিক্ষণ শুরু করা গেলে ক্রিকেটারদের আরও ভালোভাবে প্রস্তুত করা সম্ভব হবে।
বিসিবির নিজস্ব একাডেমি চালু হলে স্থানীয় একাডেমিগুলোর ভূমিকা কমবে কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘স্থানীয় একাডেমি থেকে কোনো ক্রিকেটার বিসিবির একাডেমিতে সুযোগ পেলে সেটি ওই প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয় হবে।’ এতে স্থানীয় একাডেমিগুলোর প্রতি আগ্রহ বাড়বে বলেও মনে করেন তিনি।
শুরুতে কয়েকটি শহরে কার্যক্রম চালুর পরিকল্পনা থাকলেও ভবিষ্যতে দেশের ৬৪ জেলায় একাডেমি গড়ে তোলার ইচ্ছা রয়েছে বিসিবি সভাপতির। তবে এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। কোনো জেলায় মাঠ থাকলেও ইনডোর সুবিধা না থাকলে সেখানে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান সংশ্লিষ্টদের।
সংবাদ সম্মেলনে জাতীয় দলের টানা নয় ম্যাচে জয় না পাওয়ার বিষয়েও প্রশ্ন করা হয় বিসিবি সভাপতিকে। দলের ফল নিয়ে সমালোচনা গ্রহণের কথা জানিয়ে তামিম বলেন, দায়িত্ব নেয়ার সময় থেকেই তার ভাবনায় ছিল ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের কীভাবে তৈরি করা যায়।
এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্রে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ তৈরির বিষয়েও আশাবাদী তিনি। তামিম বলেন, দেশের মাটিতে এবং দেশের বাইরে ভালো দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেতে বিসিবি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল। এ বিষয়ে ভালো সাড়া পাওয়া গেছে।





