হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু টাইগারদের

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
ক্রিকেট
এখন মাঠে
0

হারের হতাশা দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছে টাইগাররা। উইকেটের ভালো আচরণ সত্ত্বেও ব্যাটারদের স্ট্রাইক রেট না করে খেলতে পারা, ইনিংস বড় করতে না পারাই হারের অন্যতম কারণ।

আগেই আশা করা হচ্ছিলো নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরের উইকেট হবে আদর্শ, যেখানে থাকবে রানের ফুলঝুরি।

সফরকারীরা অনেক রান না করতে পারলেও উইকেটের আচরণ সাবলীলই ছিলো। যেখানে ব্যাটার-বোলার উভয়ই পেয়েছেন ফায়দা। তবে মাঝারি টার্গেটেও ভুগেছে বাংলাদেশের টপ অর্ডার। তামিম-শান্তরা ফেল করার পর আশা দেখিয়েছেন সাইফ হাসান ও লিটন কুমার দাস।

২১ রানে ২ উইকেট হারানোর পর ৯৩ রানের জুটি গড়ে ৫৭ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলে আউট হন সাইফ। এরপর ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে ফেরেন লিটন, করেন ৬৮ বলে ৪৬ রান।

এরপর তাওহীদ হৃদয়ের সঙ্গে আফিফ জুটি গড়লেও তা ছিলো খুবই ধীরগতির। যা রান তাড়ায় বলের ব্যবধানটাই কমিয়েছে। চাপ রেখেই ৪৯ বল খেলে ২৭ রান করে আউট হন আফিফ।

আরও পড়ুন:

অধিনায়ক মিরাজও পারেননি বাংলাদেশকে ভরসা দেখাতে। বাজে শটে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ডাগ-আউট ধরেন ৬ রান করে। একপাশ আগলে রেখে হৃদয় জয়ের স্বপ্ন দেখালেও যোগ্য সঙ্গ দিতে পারেননি অন্য ব্যাটাররা। ২৬ রানে হেরে হতাশা নিয়েই সফরকারীদের বরণ করলো টাইগাররা।

এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতেই ওপেনার নিক কেলিকে বোল্ড করে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। তবে উইকেট হারানোর চাপটা ঠিকই সামাল দেন আরেক ওপেনার হেনরি নিকোলস ও উইল ইয়ং।

তপ্ত রোদ মাথায় নিয়ে ৭৩ রানের পার্টনারশিপ শেষে রিশাদের ঘূর্ণিতে কাটা পরেন উইল ইয়ং। অধিনায়ক টম লাথাম এসে যোগ্য সঙ্গ দিতে পারেননি হেনরিকে। ফেরেন ১৪ রান করেই।

এরপর অবশ্য টাইগার বোলাররা সামর্থ্যের প্রমাণ দেন। ৬৮ রান করে হেনরি নিকোলস আউট হলে ১৬৫ রানের মাথায় আরও এক উইকেট হারায় কিউইরা। ডিন ফক্সক্রফটের আরেক ফিফটিতে ভর করে ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৪৭ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

এসএস