‘ছয়ে’ থেমে অনন্য হাসান

হাসান মাহমুদ
ক্রিকেট
এখন মাঠে
0

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ উইকেট নেয়ার কীর্তি গড়লেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টে ক্যারিয়ার সেরা বোলিংয়ে একাই ধসিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে। সেইসঙ্গে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট পেলেন হাসান মাহমুদ।

ডারউইনে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সামর্থ্যের দারুণ প্রমাণ দিলেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।

শুরুতে ২ রানে জীবন পাওয়া স্টিভেন স্মিথ-ই ছিলেন পথের কাটা হয়ে। সেই কাটা তুলেই বাংলাদেশের পথ সহজ করেছেন পেসার হাসান মাহমুদ।

অজিদের বিপক্ষে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন হাসান, যা টেস্টে বাংলাদেশের কোনো পেসারের তৃতীয়সেরা বোলিং। হাসানকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। দু’জনেই নিয়েছেন দু’টি করে উইকেট। ফলে অস্ট্রেলিয়ার ১০ উইকেটই শিকার করেছেন বাংলাদেশের পেসাররা।

আরও পড়ুন:

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে প্রতিপক্ষের সবকটি উইকেট নিলেন বাংলাদেশের পেসাররা। এর আগে, ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন তারা। সেই ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়ায় এই ৫ উইকেট নিয়ে হাসানের সাফল্যের তালিকাও আরও সমৃদ্ধ হলো। ভারত ও পাকিস্তানের মাটিতে এর আগে পাঁচ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটেও রয়েছে তার পাঁচ উইকেট।

ডারউইনে তাই বাংলাদেশের পেস আক্রমণের দাপটই এখন আলোচনায়। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে ম্যাচে নিজেদের জন্য বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশ।

এসএইচ