ম্যাকাইয়ে বোলারদের রাজত্ব, ১৮ উইকেটের দিনে রেকর্ডের ছড়াছড়ি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
ক্রিকেট
এখন মাঠে
0

একদিনেই পতন হলো ১৮ উইকেটের। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা একান্তই বোলারদের। অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৭৫ সালের পর থেকে টেস্টের প্রথম দিনে এত বেশি উইকেটের নজির এরচেয়ে বেশি আছে কেবল দুইবার।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলেই পার হলো ম্যাকাই টেস্টের প্রথম দিন। বাংলাদেশের ১০ আর অস্ট্রেলিয়ার ৮ উইকেটের পতন দেখা গেছে পুরোদিনের ৯০ ওভারে। ম্যাকাই টেস্টে বোলারদের দাপটের দিনে ভারি হয়েছে রেকর্ডবুক।

শুরুটা দিনের প্রথম বলেই। ইতিহাসের মাত্র চতুর্থ ভেন্যু হিসেবে ম্যাকাই অভিষেকের প্রথম বলেই দেখেছে উইকেট। এর আগে ১৯৮৩ সালে গান্ধী স্টেডিয়াম, ১৯৮৭ সালে জয়পুরের মানসিং এবং ২০১০ সালে পাল্লেকেলে স্টেডিয়ামের অভিষেক বলেই আউটের ঘটনা ছিল।

দিনের পরের রেকর্ডটা মিচেল স্টার্কের। মাত্র ২২ বলের ব্যবধানে ৫ টাইগার ব্যাটারকে পাঠিয়েছেন সাজঘরে। ইতিহাসে এরচেয়ে কম বলে ৫ উইকেট নেয়ার কীর্তি আছে কেবল ৫টি। তার মাঝে প্রথমটিই অবশ্য স্টার্কের নিজের। আর তার ওই স্পেলের পর বাংলাদেশ অলআউট ৬৪ রানে। টাইগার ক্রিকেটে টেস্টে যা চতুর্থ সর্বনিম্ন ইনিংস।

বাংলাদেশের হয়ে অবশ্য সেটা ফিরিয়ে দিয়েছেন শরিফুল ইসলাম। পেয়েছেন ৬ উইকেট। ইনজুরি থেকে ফিরেই শরিফুল পেলেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের দেখা। তাতে একদিনেই পড়লো ১৮ উইকেট। ১৯৭৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্টের প্রথমদিনে এরচেয়ে বেশি উইকেট পড়েছে কেবল দুইবার। রেকর্ডের দিনে শেষটা অবশ্য বাংলাদেশেরই পক্ষে।

ইএ