প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তিনশো রানের মাইলফলকে তাওহীদ হৃদয়

ক্রিকেটার তাওহীদ হৃদয়
ক্রিকেট
এখন মাঠে
0

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকায়, তার এমন রেকর্ড-গড়া ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ 'এ' দল। অনবদ্য ইনিংসে বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন হৃদয়।

ঘরের মাঠে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের সংগ্রহ ৫১২ রান। অনেকেই ভেবেছিলেন, বড় পরাজয়ের সামনে বাংলাদেশ 'এ' দল। কিন্তু অধিনায়ক তাওহীদ হৃদয়ের মনে ছিল ভিন্ন কিছু। তৃতীয় দিন ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া এ ব্যাটার চতুর্থ দিন ব্যাট হাতে গড়লেন নতুন ইতিহাস।

২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। এতদিন এটাই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশির সর্বোচ্চ স্কোর। দিনের প্রথম সেশনেই ২৩ বছরের পুরনো রেকর্ডটি ভাঙেন হৃদয়। এরপর দ্বিতীয় সেশনে আসে মাহেন্দ্রক্ষণ। ম্যাথু বোস্টের বল মিড-অনে ঠেলে দুই রান নিয়েই পূর্ণ করেন ট্রিপল সেঞ্চুরি।

এর মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৩০০ পেরোনো মাত্র তৃতীয় ব্যাটার এখন হৃদয়। এর আগে এই কীর্তি ছিল রকিবুল হাসান ও তামিম ইকবালের। ২০০৭ সালে বরিশালের হয়ে এই মাইলফলক স্পর্শ করেন রকিবুল, যিনি করেছিলেন ৩১৩ রান। ২০২০ সালে পূর্বাঞ্চলের হয়ে অপরাজিত ৩৩৪ রান করেছিলেন তামিম ইকবাল।

রকিবুল এবং দুটি ট্রিপল সেঞ্চুরিই এসেছিল দেশের মাটিতে। হৃদয়ের কীর্তি একটু বিশেষ এখানেই। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বীকৃত প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বিদেশি ব্যাটারের মাত্র দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি এটি।

এই ইনিংসে রয়েছে আরো একটি কাকতালীয় ব্যাপার। ২০২০ সালে এই পচেস্টফ্রুমেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেই দলের সদস্য ছিলেন তাওহীদ হৃদয়। ছয় বছর পর একই মাঠে ফিরে এবার নিজের এবং বাংলাদেশের ক্রিকেটের নতুন ইতিহাস গড়লেন তিনি।

ইএ