২৫ বছরের সম্পর্ক। ক্লাবের অধিনায়কত্ব সেই সঙ্গে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স তারপরও কাউন্টি ক্লাবের নতুন চুক্তি থেকে বাদ পড়লেন জেমস অ্যান্ডারসন।
ইংল্যান্ডের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসন। তিন ফরম্যাট মিলিয়ে তার শিকার ৯১১ উইকেট। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও থামেননি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। বরং বলেছিলেন, আরও তিন বছর খেলার সামর্থ্য আছে তার।
২০২৬ মৌসুমে ল্যাঙ্কাশায়ারের অধিনায়কত্বও করেছেন অ্যান্ডারসন। দল দ্বিতীয় বিভাগে ধুঁকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন দুর্দান্ত। নিয়েছেন ৫০ উইকেট, জিতেছেন ক্লাবের বর্ষসেরা চ্যাম্পিয়নশিপ খেলোয়াড়ের পুরস্কার। তারপরও নতুন চুক্তি মেলেনি তার।
ক্লাবের এমন সিদ্ধান্তে হতাশ অ্যান্ডারসন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সিদ্ধান্তটা আমার হাতে থাকলে এভাবে শেষ হতো না। তবে ভবিষ্যতের জন্য খেলোয়াড় ও সমর্থকদের শুভকামনা।’ শৈশবের প্রিয় ক্লাবের হয়ে ২৫ বছর খেলাকে স্বপ্নপূরণ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
ল্যাঙ্কাশায়ারের লক্ষ্য, আগামী তিন থেকে চার বছরের মধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে উঠে শিরোপার জন্য লড়াই করা। সেই পুনর্গঠন পরিকল্পনায় জায়গা হয়নি অভিজ্ঞ এই পেসারের।
তবে অ্যান্ডারসনের ক্রিকেটযাত্রা এখনই শেষ হচ্ছে না। তাকে দলে নিতে আগ্রহী একাধিক কাউন্টি ক্লাব। এবার নতুন কোনো দলের জার্সিতে আবারও বল হাতে মাঠ মাতানোর অপেক্ষায় ইংল্যান্ডের এই কিংবদন্তি।





