চ্যাম্পিয়ন্স লিগের ভিন্ন ম্যাচে ‘ডু অর ডাই’ সমীকরণে বার্সা-লিভারপুল

বার্সা ও লিভারপুলের খেলোয়াড়দের সাম্প্রতিক ছবি
ফুটবল
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। দলের তারকা লামিনে ইয়ামাল জানালেন, পিছিয়ে থাকলেও এ ম্যাচে শুরু থেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়তে চান তিনি। অপরদিকে অ্যাতলেটিকোর মিডফিল্ডার কোকের চোখে এ ম্যাচ যুদ্ধের সমান। একই রাতে আরে অ্যানফিল্ডে লড়বে পিএসজি-লিভারপুল।

কয়েকদিন আগেই অ্যাতলেটিকোর বিপক্ষে ৩-০ গোলের জয় এসেছিল বার্সেলোনার। কিন্তু কোপা দেল-রের সেই ম্যাচে ৪-৩ অ্যাগ্রিগেটে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয়েছিল তাদের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে এমন একটা শঙ্কা আবার উঁকি দিচ্ছে বার্সেলোনার আকাশে। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকার পর এক কঠিন লড়াইয়ের সামনে কাতালান জায়ান্টরা। ম্যাচ জিততে হবে অন্তত ৩ গোলের ব্যবধানে।

ম্যাচের আগে থেকেই উত্তাপ ছড়াচ্ছেন বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অ্যাতলেটিকোর জন্য সতর্কবার্তাই দিয়ে রেখেছেন হালের এ সেনসেশন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ইয়ামালের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের ছাপ।

ইয়ামাল বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি বাদও পড়তে হয়, আমরা শেষ পর্যন্ত লড়বো। নিজেদের সর্বোচ্চ না দিয়ে একটা মুহূর্তও পার করবো না। ক্লাবের ব্যাজের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দেবো। আর আমার মনে হয়, এই ম্যাচ ৯০ মিনিট বা এর বেশি হবে। কারণ আমরা নিশ্চিত, এখনও সবকিছু শেষ হয়নি।’

আরও পড়ুন:

অন্যদিকে, অ্যাতলেটিকোর অভিজ্ঞ মিডফিল্ডার কোকে আবারও ফেরাতে চান ২০১৪ সালের স্মৃতি। বার্সার বিপক্ষে ম্যাচকে দেখছেন যুদ্ধের চোখে।

কোকে বলেন, ‘এটা এমন একটা ম্যাচ, যা ইতিহাসের অংশ হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলা এবং সেমিতে জায়গা করার চেষ্টা অসাধারণ এক ব্যাপার এবং ক্লাবের জন্যও ঐতিহাসিক। তাই আমরা শুধু এ ম্যাচেই নজর রাখছি।’

রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে পিএসজিকে আতিথ্য দেবে লিভারপুল। ২-০ গোলে পিছিয়ে থাকলেও কোচ আর্নে স্লটের প্রত্যাশা, অ্যানফিল্ডের অতীত ইতিহাসই আবার লিভারপুলকে ফেরাবে কক্ষপথে।

আর্নে স্লট বলেন, ‘বিশ্বাস আছে, আমরা বিশেষ কিছু করতে পারবো। তবে এর জন্য আমাদের অনেক বেশি ভালো খেলতে হবে। কারণ আমরা সাধারণ কোনো ম্যাচ খেলছি না। আমরা খেলছি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে।’

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের এই দুই ম্যাচ শুরু হবে আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

এসএইচ