বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই উত্তাপ ছড়ায় জার্মান কাপের ফাইনাল। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিলো স্টুটগার্ট। তবে গোলের দেখা পায়নি কোনো দলই।
দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৫ মিনিটে মাইকেল ওলিসের দারুণ ক্রস থেকে হেডে গোল করেন হ্যারি কেইন। তাতেই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ।
আরও পড়ুন
গোলের কিছুক্ষণ পরই দুই দলের সমর্থকদের ফ্লেয়ার জ্বালানোর কারণে সাময়িক বন্ধ থাকে খেলা। ধোঁয়ায় ঢেকে যায় পুরো স্টেডিয়াম। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় ম্যাচ।
৮০ মিনিটে আবারও জ্বলে ওঠেন কেইন। লুইস দিয়াসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই ইংলিশ স্ট্রাইকার। যোগ করা সময়ে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে কেইনের গোলসংখ্যা এখন ৬১। এরপরই শুরু হয় শিরোপা উৎসব।
এনিয়ে রেকর্ড ২১তম জার্মান কাপ জিতল বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার পর ডিএফবি পোকাল জিতে ছয় বছর পর আবারও ঘরোয়া ডাবল জিতলো তারা।
চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হলেও মৌসুম শেষটা দারুণভাবেই করল বায়ার্ন। আর দুর্দান্ত ছন্দে থাকা হ্যারি কেইন এখন প্রস্তুত বিশ্বকাপের বড় মঞ্চের জন্য।





