শৈশবের ক্লাব ছেড়ে আজারবাইজানে পাড়ি জমালেন হামজা চৌধুরী

হামজা চৌধুরী
ফুটবল
এখন মাঠে
0

শৈশবের ক্লাব লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানে পাড়ি জমালেন বাংলাদেশের তারকা হামজা চৌধুরী। দেশটির শীর্ষস্থানীয় ক্লাব সাবাহ এফকে-তে নাম লিখিয়েছেন এই মিডফিল্ডার। ইংলিশ ফুটবলের চাকচিক্য আর লাইমলাইট থেকে মাত্র ২৮ বছর বয়সেই বিদায় বলতে হচ্ছে তাকে। আজারবাইজানের গণমাধ্যম নিশ্চিত করেছে হামজার দলবদলের খবর।

কথা হচ্ছিল একাধিক ক্লাবের সঙ্গেই। বার্মিংহ্যাম সিটি এবং শেফিল্ড ইউনাইটেডের রাডারেও ছিলেন। তবে, হামজা চৌধুরী ছাড়লেন ইংল্যান্ড। পূর্ব ইউরোপের আজারবাইজানে নিজের পরের গন্তব্য ঠিক করেছেন বাংলাদেশি এই মিডফিল্ডার। আজারবাইজান লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ-এফকের জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশের নাম্বার এইটকে। ক্যারিয়ারের উড়ন্ত বয়সেই যেন ভিন্ন এক স্ক্রিপ্ট লেখার চেষ্টায় হামজা।

আজারবাইজানের গণমাধ্যম আক্সার নিজস্ব সূত্রে হামজা চৌধুরীর এই দলবদলের খবর জানিয়েছে। দুই দলের মাঝে কয়েক দফা আলোচনা শেষেই নাকি হামজা রাজি হয়েছেন এই ক্লাবের হয়ে খেলতে। যদিও লেস্টার সিটির ক্লাব অফিসিয়াল বা ইংলিশ কোনো গণমাধ্যম এই বিষয়ে নিশ্চিত করতে পারেনি। এমনকি কত টাকায় দলবদল হয়েছে সেটিও নিশ্চিত করতে পারেনি আক্সার। তাই দলবদল নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়।

লেস্টার সিটিতে একটি এফএ কাপ, একটি ইএফএল চ্যাম্পিয়নশিপ আর ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নশিপ লিগ জিতেছিলেন হামজা। খেলেছেন শেফিল্ড ইউনাইটেড আর ওয়াটফোর্ডেও। তবে, আপাতত কোথাও ঠাঁই হচ্ছে না বাংলাদেশি এই তারকার। ক্লাব হিসেবে তৃতীয় বিভাগে নেমে যাওয়ার পর দাম কমেছে লেস্টারের সব ফুটবলারের। জেরেমি মঙ্গা ছাড়া লেস্টারের কোনো তারকাই এবার বড় ক্লাবে দলবদল করতে পারেননি। সেটারই প্রভাব পড়লো হামজার দলবদলে। বিভিন্ন ক্লাবের আলোচনায় থাকলেও শেষপর্যন্ত অন্য কোনো ইংলিশ ক্লাবের স্কোয়াডে থাকছে না বাংলাদেশি এই তারকার নাম।

মাত্র ৮ বছর আগে আজারবাইজানের ফুটবলে আবির্ভাব হয় সাবাহ এফকে-র। সবশেষ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি আজারবাইজান কাপের চ্যাম্পিয়নও হয়েছে তারা। বর্তমানে দলটি ব্যস্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাই পর্বে। সবকিছু ঠিক থাকলে সাবাহকে দেখা যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগে। সেই সঙ্গে হামজাকেও দেখা যাবে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ স্তরে।

ইএ