এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার বাংলাদেশের রাজশাহী স্টার্স

বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টার্স এফসি
ফুটবল
এখন মাঠে
0

প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের বড় মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাচ্ছে বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টার্স এফসি। দেশের মাটিতে অনুশীলন শুরু করে নিজেদের প্রস্তুতির জানান দিয়েছে দলটি। আন্তর্জাতিক মঞ্চে ভালো করার প্রত্যয় খেলোয়াড় ও কোচের কণ্ঠে।

স্বপ্নটা এবার এশিয়ার মঞ্চে। দেশের নারী ফুটবলে নতুন ইতিহাসের হাতছানি রাজশাহী স্টার্সের সামনে। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহীর এ দল। তাই প্রস্তুতিটাও হচ্ছে বাড়তি গুরুত্ব দিয়ে।

ঘরোয়া ফুটবলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়া ফুটবলারদের সামনে এবার সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। এশিয়ার সেরা ক্লাবগুলোর বিপক্ষে লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তারা।

রাজশাহী স্টার্সের ডিফেন্ডার শিউলি আজিম বলেন, ‘গতকাল থেকেই অফিশিয়ালি জয়েন করেছি রাজশাহী স্টার্স এফসিতে। আমাদের প্রথম সেশন ছিলো এবং ভালোভাবে আমরা শেষ করেছি। আমাদের লক্ষ্য থাকবে রাজশাহী স্টার্স এফসিকে ভালো খেলা এবং জয় উপহার দেয়া। যেহেতু আমরা ন্যাশনাল টিমে ক্যাম্পেই ছিলাম এতদিন, ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। এখন টেকনিক্যাল কাজে স্যার মনোযোগ দিয়েছেন এবং আমরা সেটাই স্যারের ইনস্ট্রাকশন শুনছি।’

আরও পড়ুন

শুধু অংশ নেয়া নয়, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোই লক্ষ্য। নতুন এ অভিযানে আত্মবিশ্বাসী পুরো দল। আর সেই আত্মবিশ্বাসের বড় জায়গা হয়ে উঠছে অনুশীলন ও নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা।

রাজশাহী স্টার্স এফসির হেড কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘এএফসি ক্লাব কাপ খেলতে যাচ্ছে, এরা হলো আমাদের জন্য গর্বের বিষয়, সারা বাংলাদেশের মানুষের জন্য। আর্মি, তারপর হলো ফরাসগঞ্জ, পুলিশ এফসি থেকে যারা গুরুত্বপূর্ণ প্লেয়ার টিম শক্তিশালী করার জন্য তাদেরকে নিয়েই টিম করা হইছে। প্রত্যাশা হলো যে নট অনলি আপনার আমরা খেলব, আমরা প্রত্যেকটা টিমের সঙ্গে আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলব। গ্রুপ হলো কম্পিটিটিভ গ্রুপ। সবাই আপনার হলো ভালো দল, সবাই সম্মান পাওয়ার মতো দল। কিন্তু আমরাও আপনার ভালো টিম।’

কঠিন প্রতিপক্ষ, বড় মঞ্চ সবকিছুই জানা রাজশাহী স্টার্সের। তবে ভয় নয়, নিজেদের পরিকল্পনা আর সামর্থ্যের ওপর ভরসা করেই এশিয়ার মঞ্চে নামতে চায় দলটি।

বাংলাদেশের নারী ফুটবলের জন্য নতুন এক অধ্যায়ের শুরু এএফসি টুর্নামেন্ট। রাজশাহী স্টার্সের এ অভিযান কতটা সফল হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

জেআর