আন্তর্জাতিক মঞ্চে ফর্টিস এফসির নতুন ইতিহাস

ফর্টিস এফসির লোগো
ফুটবল
এখন মাঠে
0

ঘরোয়া ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চেও নতুন ইতিহাস লিখলো ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের বাঁচা-মরার লড়াইয়ে কিরগিজস্তানের পরাশক্তি মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছেন মাসুদ পারভেজের শিষ্যরা।

কাগজ-কলম কিংবা শক্তিমত্তায় আকাশ-পাতাল ব্যবধান। একপাশে আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। অন্যদিকে বাংলাদেশের উদীয়মান শক্তি ফর্টিস এফসি। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যবধান এক নিমিষেই উধাও। ঘরের মাঠে ৮ বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নামে ফর্টিস। কিংস এরেনায় শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে চলে দু’দলের এগিয়ে যাওয়ার লড়াই।

ম্যাচের ২২ মিনিটে লিড নেয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। ওমর বাবুর নেয়া বাঁ পায়ের শট সাইড পোস্টে লেগে প্রতিহত হলে হতাশ হয় গ্যালারি। অন্যদিকে, বিরতির পর মুরাস ইউনাইটেডের একের পর এক আক্রমণ চীনের প্রাচীর হয়ে রুখে দেন ফর্টিসের শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা।

আরও পড়ুন:

অবশেষে অপেক্ষার অবসান ঘটে ম্যাচের ৫২ মিনিটে। ফর্টিসকে এগিয়ে দেন আবাহনী থেকে ধারে আনা মোহাম্মদ ইব্রাহিম। আর তাতেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। ১-০ গোলের লিড নিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশের দলটি।

তবে ম্যাচের ৭৪ মিনিটে পেনাল্টি পেয়ে সমতায় ফেরার বড় সুযোগ পায় মুরাস ইউনাইটেড। সেন্টাল মিডফিল্ডার এরবোলের শট সাইড পোস্টে লেগে ফেরায় সে সুযোগ হারায় গেলোবারের রার্নাসআপরা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় ইতিহাস। প্রথমবারের মতো মহাদেশীয় টুর্নামেন্টের বাছাই খেলতে এসেই এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নিল ফর্টিস এফসি।

এফএস