বদলে যাচ্ছে ২০২৬-২৭ মৌসুমে প্রিমিয়ার লিগের নিয়ম

ইংলিশ প্রিমিয়ার লিগ
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে মাঠের খেলায় যেমন থাকবে নতুন লড়াই, তেমনি বদলে যাচ্ছে বেশ কিছু নিয়মও। সময় নষ্ট ঠেকানো, বদলি খেলোয়াড় মাঠে নামানো থেকে শুরু করে ভিএআর-এর ক্ষমতা। ২০২৬-২৭ মৌসুমে দেখা যাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।

নতুন মৌসুমে প্রিমিয়ার লিগের ২০ দল মাঠে নামার আগেই রেফারিংয়ে এসেছে বেশ কিছু পরিবর্তন। আন্তর্জাতিক ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবির নতুন নিয়মের পাশাপাশি পরীক্ষামূলকভাবেও কিছু নিয়ম চালু করছে ইংলিশ লিগ কর্তৃপক্ষ।

২০২৬-২৭ মৌসুমে বদলির ক্ষেত্রে মাঠ ছাড়ার জন্য একজন খেলোয়াড় সর্বোচ্চ ১০ সেকেন্ড পাবেন। এর বেশি সময় লাগলেই তার বদলি খেলোয়াড়কে মাঠে ঢুকতে অপেক্ষা করতে হবে এক মিনিট। সময় নষ্ট ঠেকাতে থ্রো-ইন ও গোল কিকেও থাকবে ৫ সেকেন্ডের কাউন্টডাউন। থ্রো-ইনে সময় শেষ হলে বল যাবে প্রতিপক্ষের কাছে, আর গোল কিকে দেরি হলে প্রতিপক্ষ পাবে কর্নার।

ভিএআরের ক্ষমতাও বাড়ছে। ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেয়া হয়েছে মনে হলে রিভিউয়ের সুপারিশ করতে পারবে ভার। গোলকিপারের চোটের কারণে খেলা বন্ধ হলে সংশ্লিষ্ট দলকে একজন আউটফিল্ড খেলোয়াড়কে অন্তত এক মিনিট মাঠের বাইরে রাখতে হবে। এটি অবশ্য পরীক্ষামূলক নিয়ম, যার লক্ষ্য ‘ট্যাকটিক্যাল টাইমআউট’ বন্ধ করা।

রেফারিংয়েও বাড়ছে স্বচ্ছতা। প্রয়োজন অনুযায়ী ম্যাচ সেন্টারে প্রকাশ করা হবে রেফারি ও ভার-এর সিদ্ধান্তের ব্যাখ্যা। রেফ ক্যাম থাকা ম্যাচের পর প্রকাশ করা হবে রেফারির ভিডিও ও অডিও। এর পাশাপাশি প্রথমবারের মতো প্রকাশ করা হবে কেএমআই প্যানেলের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত।

তবে প্রিমিয়ার লিগে কিছু নিয়ম থাকছে না। ভুলভাবে কর্নার দেওয়া হলে হস্তক্ষেপ করবে না ভার। ৩০ ডিগ্রির বেশি তাপমাত্রা না হলে হাইড্রেশন ব্রেকও থাকবে না। মুখ ঢেকে কথা বলার জন্য লাল কার্ড এবং নতুন করে মিসটেকেন আইডেন্টিটি নিয়ে রিভিউয়ের নিয়মও থাকছে না।

নতুন নিয়মগুলো মাঠের খেলায় কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

জেআর