পরিকল্পনাহীনতায় বাফুফের ক্যাম্প; অনুশীলনের প্রথম দিনেই অনুপস্থিত ৯ ফুটবলার

অনুশীলনে ব্যস্ত খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
1

আসিয়ান কাপকে সামনে রেখে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে স্পষ্ট বাফুফের পরিকল্পনাহীনতার ছাপ। প্রথমদিন দলের সঙ্গে যোগ দেননি ৯ ফুটবলার। প্রস্তুতি ভেন্যু ও অনুশীলন ম্যাচ নিয়েও এখনো অনিশ্চয়তার মাঝে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আসিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। যেখানে নানা ক্ষেত্রে দেখা গেছে পরিকল্পনার অভাব।

প্রাথমিক দলে ২৮ জন থাকলেও প্রথম দিন যোগ দিয়েছেন ১৯ জন ফুটবলার। ঘরোয়া ফুটবলের দলবদল চলমান থাকায় ডাক পাওয়া অনেক ফুটবলারই এখনো কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন। সব সমস্যার সমাধান করে শিগগিরই বাকি ফুটবলাররা ক্যাম্পে যোগ দেবেন বলে বিশ্বাস বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেনের।

বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘আনঅফিসিয়ালি আমরা আজকে ক্যাম্প শুরু করলাম। তো আজকে আমাদের ক্যাম্পে লোকাল প্লেয়ার ২৮ জন ডেকে ছিলাম। এখন পর্যন্ত ১৯ জন আমাদের কাছে আসছে। মোহামেডানের খেলোয়াড়রাও অতি শিগগিরই জয়েন করবে আমাদের সঙ্গে।’

আরও পড়ুন:

ক্যাম্প শুরু হলেও এখনো অনুশীলন ভেন্যু চূড়ান্ত করতে পারেনি বাফুফে। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম এখনো শেষ না হওয়ায় প্রথম পছন্দ হিসেবে এগিয়ে কিংস অ্যারেনা।

তিনি বলেন, ‘আপাতত এখন পর্যন্ত আমাদের কাছে বসুন্ধরা আসছে। এরপরে যদি চেঞ্জ হয় আমরা আপনাদের জানিয়ে দেবো। বসুন্ধরা আমাদেরকে সর্বাত্মকভাবে মাঠটা বা গ্রাউন্ড যেটাই সবসময় সহযোগিতা করে। আর প্র্যাকটিসের জন্য আমরা ওই মাঠটা করি কি—যদি বৃষ্টি-বৃষ্টি হয় ওই মাঠে অনেক সময় আমরা দেখি যে অনেক পানি-টানি থাকে না। যার কারণে আমাদেরকে চয়েসের মধ্যে ওটাকে রাখতেই হয়।’

এদিকে আসিয়ান কাপের আগে অনুশীলন বা প্রস্তুতি ম্যাচ নিয়েও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাফুফে। কোচের সঙ্গে আলোচনা করে তবেই পরবর্তী পদক্ষেপ নেবে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা।

তিনি আরও বলেন, ‘আজকে কোচের পরিকল্পনার সঙ্গে আমরা—আমরা সবাই থাকবো, আমরা আমাদের যারা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে আছি, আমাদের প্রেসিডেন্ট আছে এবং আমাদের কমিটির সবাই বসে কোচের চাহিদাটা কী, কোচের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করবো কোচ কি খেলতে চায় নাকি চায়। কোচ যেটা চাবে ওটাকে আমরা করার জন্য চেষ্টা করবো।’

নিজ নিজ লিগের ব্যস্ততা কমলে হামজা-সোমিতরা দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বাফুফে।

এফএস