আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ক্যারিয়ারে আসছে নতুন অধ্যায়। ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা।
অ্যাস্টন ভিলার সঙ্গে প্রায় সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে সমঝোতা করেছে চেলসি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে লন্ডনে মেডিকেল পরীক্ষার পর চুক্তিতে সই করবেন মার্তিনেজ।
তবে মার্তিনেজের মূল চুক্তি হবে দুই বছরের, সঙ্গে আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। অর্থাৎ চেলসিতে সর্বোচ্চ তিন বছর থাকার সম্ভাবনা রয়েছে তার।
অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। বিশেষ করে বড় ম্যাচে তাঁর অসাধারণ এবং পেনাল্টি ঠেকানোর দক্ষতা তাকে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত গোলরক্ষকে পরিণত করেছে।
তবে এবার ভিলা ছাড়ার পথে মার্তিনেজ। ক্লাবটি ইতোমধ্যে তার বিকল্প হিসেবে জাপানের তরুণ গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছে। ফলে মার্তিনেজকে বিক্রি করে দলটির আর্থিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি নতুন গোলরক্ষককে সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ভিলা।
মার্তিনেজকে দলে নিতে আগ্রহী ছিল টটেনহ্যাম হটস্পারও। এছাড়া ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গেও তার নাম জড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দ্রুত দরকষাকষি শেষ করে চেলসিই ছিনিয়ে নিচ্ছে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্তিনেজ এবার স্ট্যামফোর্ড ব্রিজে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
চেলসির জার্সিতে তিনি কতটা সফল হন, সেটিই এখন দেখার বিষয়। তবে তার অভিজ্ঞতা ও বড় ম্যাচের পারফরম্যান্স নিঃসন্দেহে চেলসির গোলবারে নতুন মাত্রা যোগ করতে পারে।





