আন্তর্জাতিক ফুটবলে নতুন দিনের খোঁজে মাঠে নামছে জার্মানি। আগের দুই ম্যাচে জয়হীন থাকা চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা আজ ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া। সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য চোটের কারণে ডিফেন্ডার নিকো শ্লটারবেককে হারিয়ে বড় ধাক্কা খেয়েছে দল। তবে সব সমালোচনা পেছনে ফেলে নিজের গড়া নতুন দলকে সময় দেয়ার আহ্বান জানিয়েছেন কোচ ইয়্যুর্গেন ক্লপ।
তিনি বলেন, ‘আমি ২৫ বছর ধরে ফুটবলে আছি। মাত্র পাঁচ দিনের অনুশীলনে কোনো জাদুকরী সমাধান সম্ভব নয়। আমাদের সময়ের প্রয়োজন। আমি জানি ফুটবলটা দলগত খেলা এবং ছেলেরা কঠোর পরিশ্রম করছে। প্রক্রিয়াটা সময়সাপেক্ষ হলেও, সঠিক পথেই এগোচ্ছি আমরা।’
জার্মানি যখন জয়ের ছক কষছে, তখন কোপেনহেগেনে পর্তুগাল দলে নাটকীয়তা চরমে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের একদিন আগে হুট করেই কোপেনহেগেনের ট্রেনিং ক্যাম্প ছেড়ে চলে গেছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। কোচ হোর্হে জেসুসের সাথে সম্পর্কের টানাপোড়েন ও গত ম্যাচে না খেলানোর ক্ষোভ থেকেই রোনালদোর এই সিদ্ধান্ত বলে গুঞ্জন ছড়িয়েছে। যদিও সংবাদ সম্মেলনে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন পর্তুগাল কোচ।
আরও পড়ুন:
হোর্হে জেসুস বলেন, ‘আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। প্রথম দিনই সে আমাকে স্পষ্ট বলেছিলো, দল যেভাবে চাইবে, সেভাবেই ভূমিকা রাখবে। দল গঠন ও সিদ্ধান্ত নেয়ার পুরো এখতিয়ার কোচের। তবে কেউ যখন ২০-৩০ মিনিট ধরে ওয়ার্ম-আপ করে কিন্ত শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ পায় না, তখন কারোরই ভালো লাগার কথা নয়।’
প্রথম দুই ম্যাচে জয় পাওয়া পর্তুগাল আজ রোনালদোকে ছাড়াই মাঠে নামবে তৃতীয় জয়ের খোঁজে। ম্যাচে দলের আইকনিক ৭ নাম্বার জার্সি পরে নামবেন রাফায়েল লেয়াও।
রাতের অন্য ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হচ্ছে গ্রিসের। ডাচ কোচ জাভি হার্নান্দেজের লক্ষ্য প্রতিপক্ষের মাঠে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করা। একই সময়ে ওয়েলসের ঘরের মাঠে জয়ের খোজেঁ মাঠে নামবে হ্যালান্ডদের নরওয়ে।





