ফিরেই মেসির জোড়া গোল

লিওনেল আন্দ্রেস মেসি
ফুটবল
এখন মাঠে
0

দলে ফিরেই জোড়া গোলে ইন্টার মায়ামিকে জয়ের ধারায় ফিরিয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজও। সাবেক দুই বার্সা তারকার জ্বলে ওঠার রাতে বড় জয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।

জাতীয় দলের জার্সিতে আবেগঘন বিদায়ের রেশ না কাটতেই ক্লাবের জার্সিতে লিওনেল মেসি। যেখানে ফিরেই উপহার দিলের স্বভাবসুলভ পারফরম্যান্স। তার জোড়া গোলে ডিসি ইউনাইটেডকে হারিয়ে লিগে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল মায়ামি। সেই সঙ্গে আলবিসেলেস্তে ভক্তদের আফসোসও যেন আরেকটু বাড়ালেন ফুটবল জাদুকর।

ম্যাচের শুরুতেই গোল উৎসবের সূচনা করেন লুইস সুয়ারেজ। তৃতীয় মিনিটে তাঁর গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এরপর ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার। দুই গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

বিরতির পরের মঞ্চটা যেন পুরোপুরি মেসির। ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন তারকা। ১৩ মিনিট পর আবারও মেসি জাদু। এবার প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

চলতি মৌসুমে এমএলএসে এ নিয়ে ২৩ গোল করলেন মেসি। গত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে জিতেছিলেন লিগের এমভিপি পুরস্কার। এবারও দুর্দান্ত ফর্মে থাকা মেসি ছুটছেন সেই পথেই।

মেসি-সুয়ারেজের জোড়া গোলের রাতে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এর মাধ্যমে লিগে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেল হেরনরা। ২৮ ম্যাচে ১৩ জয়, ১০ ড্র ও ৫ হারে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে দলটি। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

জেআর