কোচ আসছে কোচ যাচ্ছে। কিন্তু ভালো সময় ফিরছে না ম্যানচেস্টার ইউনাইটেডের শিবিরে। সবশেষ মাইকেল ক্যারিকের উপর ভরসা রেখেছিল অলরেডরা। গত মৌসুমে ভালো করে চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়েছিলেন ঐতিহ্যবাহী এই ক্লাবকে। তবে এই মৌসুমে একবারে সাদামাটা ইউনাইটেডের পারফর্ম্যান্স। তাই সবার আগে পরিবর্তনের আভাস কোচিং প্যানেলে।
চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে তিন পরাজয়। আর লিগে ৭ ম্যাচে মাত্র এক জয়ে ইউনাইটেডে অবস্থান টেবিলে ১৩ নম্বরে। ব্রিটিশ গণমাধ্যমের খবর, দলের এমন পারফর্ম্যান্সে ক্লাবটির আস্থা হারিয়েছেন কোচ মাইকেল ক্যারিক। তার স্থলাভিষিক্ত হিসবে এখনো পর্যন্ত উঠে এসেছে পাঁচজন কোচের নাম।
ম্যানচেস্টার ইউনাইটেডের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের পছন্দ নিউক্যাসল ইউনাইটেডের সাবেক কোচ এডি হাউ। প্রিমিয়ার লিগের দীর্ঘ অভিজ্ঞতা এবং দল গুছিয়ে নেওয়ার দক্ষতার কারণে তাকে নিয়ে আগ্রহ বেশি। তবে নিউক্যাসল ছেড়ে তাকে ওল্ড ট্রাফোর্ডে আনা বেশ বড় এক চ্যালেঞ্জ হবে।
আরও পড়ুন:
তালিকায় আরও রয়েছে জার্মানি জাতীয় দল ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান নাগেলসমান। দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী, নাগেলেসমান নিজেও এই ঐতিহ্যবাহী ক্লাবের দায়িত্ব নিতে বেশ আগ্রহী। তার আধুনিক ট্যাকটিকস ইউনাইটেডের পুনর্গঠনে বড় ভূমিকা রাখতে পারে।
অ্যাস্টন ভিলার সফল কোচ উনাই এমেরিকে বলা হচ্ছে ইউনাইটেডের ‘ড্রিম ক্যান্ডিডেট’। তবে ভিলাকে ছেড়ে তিনি মৌসুমের মাঝপথে ম্যানচেস্টারে আসবেন কি না, তা নিয়ে বড় সংশয় রয়েছে।
এদিকে ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাবলিকান দাবি করেছে, চেলসি ও টটেনহ্যামের সাবেক কোচ আন্তোনিও কন্তের সাথে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে ইউনাইটেড ম্যানেজমেন্ট। প্রিমিয়ার লিগ জয় করার অভিজ্ঞতা কন্তের প্লাস পয়েন্ট হলেও, তার রক্ষণাত্মক মানসিকতা এবং ক্লাব বোর্ডের সাথে অতীতে সংঘাতে জড়ানোর ইতিহাস বড় একটা চ্যালেঞ্জ।
ব্রাইটনের তরুণ কোচ ফাবিয়ান হুরজেলোর নামও শোনা যাচ্ছিলো। তবে তাকে আনতে গেলে রেকর্ড পারমান ফি গুনতে হতে পারে ইউনাইটেডকে, যদিও টকস্পোর্টের তথ্য বলছে-হুরজেলো নিজে আপাতত ব্রাইটন ছাড়তে আগ্রহী নন।
সব মিলিয়ে, মাইকেল ক্যারিক বিদায় নিলে ওল্ড ট্রাফোর্ডের ডাগআউট কার হাতে যাবে, তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।




