বড় প্রত্যাশা নিয়েই বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন থমাস ডুলি। কিন্তু, দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই সমালোচনা আর নানামুখী বিতর্ক সঙ্গী হলো এই কোচের।
স্যান মারিনোর বিপক্ষে জয়ে বড় শুরু হলেও আসিয়ান কাপে ৩ ম্যাচে ১৩ গোল হজম বাংলাদেশ কোচকে ফেলেছে সমালোচনার মুখে। দেশের কোচিং ইতিহাসের অন্যতম বড় নাম হলেও এখন পর্যন্ত ইতিবাচক খেলা মাঠে উপহার দিতে পারেনি থমাস ডুলির শিষ্যরা।
সাফ আসরকে সামনে রেখে কোচ থমাস ডুলির ওপর অতিরিক্ত চাপ আছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। তবে, এজন্য কেবল ডুলির দর্শনই না, বাফুফেকেও দায় দিচ্ছেন তিনি।
আরও পড়ুন মাও সে তুংকে নিয়ে মন্তব্য, চীনে স্পন্সরশিপ হারালেন এমবাপ্পে
জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘আমরা যদি ৪ বছর আগে প্ল্যান করতাম সাফ জিতব। আসিয়ান খেলব। তাহলে এই দশা হতো না। কোচকে সময় দিলে রেজাল্ট আসবে।’
অবশ্য কেবল থমাস ডুলিই নয়, বাংলাদেশ ফুটবলের কোচ হওয়া কারো জন্যই সহজ না বলে মন্তব্য অভিজ্ঞ এই কোচের। সমর্থকদের দ্রুত ফলাফল পাওয়ার প্রত্যাশা দিনে দিনে কঠিন করেছে বাংলাদেশের কোচের পদ। সেজন্য বাফুফের প্রতি কিছুটা পরামর্শও আছে শফিকুল ইসলাম মানিকের।
শফিকুল ইসলাম মানিক আরও বলেন, ‘কোচ নেয়ার আগেই যেন বিতর্কিত না হয়। মাঠে নামার আগেই বিতর্ক শুরু হলে দলের ওপর অতিরিক্ত চাপ থাকে। সেজন্য দেখা যায় এক ম্যাচে ভাল খেলছে তো আরেক ম্যাচে খারাপ।’
অবশ্য জাতীয় দলের সাবেক এ কোচের বিশ্বাস, চাপ সামাল দেয়ার অভিজ্ঞতা আছে থমাস ডুলির। ঘরের মাঠে তার দর্শন দিয়েই দুই যুগের অপেক্ষা শেষে বাংলাদেশ জিতবে সাফ শিরোপা।





