পাঁচ হলুদ কার্ডের পরও মাঠে নামছেন মেসি!

লিওনেল মেসি ইন্টার মায়ামি
ফুটবল
এখন মাঠে
2

পাঁচটি হলুদ কার্ড দেখলে সাধারণত যেকোনো ফুটবলারই এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েন-এটাই ফুটবলের লিগগুলোর চিরচেনা নিয়ম। মেজর লিগ সকারে লিওনেল মেসি চলতি মৌসুমে দেখেছেন পাঁচ হলুদ কার্ড। তবে অবাক করার বিষয় হলো, যুক্তরাষ্ট্রের এমএলএসের এক অদ্ভুত নিয়মের বদৌলতে নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে! ঠিক কী সেই নিয়ম আর কীভাবে আইনি মারপ্যাচে পরবর্তী ম্যাচে মাঠে নামছেন মেসি।

মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় একই মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখলে তাকে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং ২৫০ ডলার জরিমানা গুনতে হয়।

সিনসিনাটির বিপক্ষে গত ম্যাচে ৪৪ মিনিটে পাওয়া কার্ডটি চলতি মৌসুমে মেসির পঞ্চম হলুদ কার্ড হলেও, তিনি মূলত গেছেন এমএলএসের ‘গুড বিহেভিয়ার ইনসেন্টিভ’ বা ভালো আচরণের প্রণোদনা নিয়মের কারণে।

এই নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি কার্ড বা শাস্তি ছাড়াই টানা পাঁচ ম্যাচ খেলেন, তবে তার নামের পাশে জমা হওয়া হলুদ কার্ড থেকে একটি কার্ড স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। পুরো নিয়মিত মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার এই সুবিধা পেতে পারেন।

মেসির ক্ষেত্রে যা হয়েছে—চলতি মৌসুমে কার্ড না দেখে টানা পাঁচ বা তার বেশি ম্যাচ খেলার রেকর্ড তার রয়েছে একাধিকবার। এর ফলে তার আগের জমা হওয়া কার্ডগুলো থেকে অন্তত দুটি কার্ড মওকুফ হয়ে গেছে।

যদিও কার্ডগুলো তার শৃঙ্খলাজনিত রেকর্ডে থেকে গেছে, কিন্তু নিষেধাজ্ঞার খড়্গ থেকে বাঁচতে তা আর যোগ হয়নি। ফলে পাঁচ নম্বর কার্ডটি দেখার পরও তার কার্যকর কার্ডের সংখ্যা নেমে এসেছে মাত্র দুটিতে।

এই আইনি সুবিধ, বা বলা চলে 'ক্লিন প্লে'র পুরস্কারের কারণেই নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের বিপক্ষে আসন্ন ম্যাচে মাঠে নামতে কোনো বাধা নেই এলএমটেনের।

জেআর