ঢাকায় সাফের প্রস্তুতি চূড়ান্ত; গুঞ্জন উড়িয়ে অংশ নিচ্ছে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আয়োজক কমিটির কর্মকর্তারা
অন্য সব খেলা
এখন মাঠে
0

ঘরের মাঠে সাফের জমকালো আসর আয়োজনে এখন পুরোপুরি ব্যস্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে দফায় দফায় বৈঠক করছে বাফুফে ও সাফ কর্তৃপক্ষ। নির্ধারিত সূচিতে ভারত ফুটবল দল অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেন সাফের সাধারণ সম্পাদক। এদিকে টুর্নামেন্টের সর্বনিম্ন টিকিট মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়।

ঘরের মাঠে আরো একটি ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজনে ঢাকায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। মাঠের প্রস্তুতি থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট সবকিছুই নিখুঁত করতে কম্পিটিশন কমিটির সঙ্গে দফায় দফায় গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসছেন সাফ কর্তৃপক্ষ।

এই আয়োজনের মাঝেই হঠাৎ গুঞ্জন ওঠে টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ না করা নিয়ে। তবে সেটা ভিত্তিহীন বলেই নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে আসছে ভারত ফুটবল দল, জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক। অন্যদিকে প্রথমবারের মতো ভিআর লাইটও থাকবে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি এবং ফাইনাল ম্যাচে।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘ভারত আসবেই। সূচিতে যা প্রকাশ করা হয়েছে, সবকিছু সেভাবেই সব থাকবে। যেহেতু এটি প্রথম সারির প্রতিযোগিতা, তাই তারা যাদেরই পাঠাক না কেন, আমাদের ধরে নিতে হবে এটি তাদের মূল দল।’

এদিকে গ্যালারিতে বসে খেলা দেখতে সর্বনিম্ন খরচ করতে হবে ১,০০০ টাকা। এক টিকিটেই উপভোগ করা যাবে দিনের দুই ম্যাচ। সবশেষ ঘরের মাঠে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের থেকে ম্যাচ প্রতি এক টাকাও বাড়েনি। তবে একবারে ১,০০০ টাকা দেয়া সাধারণ দর্শকদের জন্য কষ্টদায়ক, বলেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান।

বাফুফে কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘টিকিটের প্রাইসটা দুইটা ম্যাচের জন্য ১,০০০ টাকা। এটা দর্শকের দর্শকদের জন্য একটু প্রেশার হবে।’ 

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন,‘আমাদের ম্যাচগুলোর ক্ষেত্রে সবসময়ই আমাদের প্রত্যাশা থাকে গ্যালারি যেন দর্শকে কানায় কানায় পূর্ণ থাকে। আমরা সেটাই আশা করছি এবং পুরো স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকবে—এমনটা ধরে নিয়েই আমরা নিরাপত্তার দিক থেকেও সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’ 

দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতিও। যে কারণে স্টেডিয়াম এবং আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই জোরদার প্রস্তুতির কথা জানায় বাফুফের কম্পিটিশন কমিটি।

এএম