এয়ারপোর্টে মেসির হাস্যরস, মুহূর্তেই ভাইরাল নেট দুনিয়ায়

এয়ারপোর্টে মেসির হাস্যরস
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গন্তব্যে পৌঁছেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এয়ারপোর্টে ঘটেছে এক মজার ঘটনা, যে ঘটনায় হাসি আটকাতে পারেননি দলের সেরা তারকা ও বিশ্বের অন্যতম সেরা তারকা ক্ষুদে ফুটবল জাদুকর লিওনেল মেসি। এয়ারপোর্টের সিকিউরিটি চেকের লাইনে দাঁড়ানোর মুহূর্তে ঘটে এ মজার ঘটনা। আর এ ঘটনা মুহূর্তেই নেট দুনিয়ায় সাড়া ফেলে ভাইরাল হয়ে যায়।

যাকে ছোঁয়ার জন্য দুনিয়ার বড় বড় তারকারা লাইন দেন, সেই মেসিকে কি না দু’হাত তুলে তল্লাশি করাচ্ছেন সাধারণ এক সিকিউরিটি অফিসার! আপনি সাধারণ মানুষই হোন বা ফুটবলের ‘গোট’, নিয়ম যে সবার জন্য সমান।

তবে আসল মজা হলো মেসির প্রতিক্রিয়া। বিরক্ত হওয়া তো দূরের কথা, মেটাল ডিটেক্টরের সুড়সুড়িতে কি না কে জানে, এলএম-টেন যেন একেবারে হেসেই খুন। এক্সে পোস্ট করা সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন:

অবশ্য এই হাসির পেছনে নাকি অন্য এক ‘বারবিকিউ’ রহস্য আছে। গুঞ্জন উঠেছে, মেসির ঠিক আগের এক সতীর্থের ব্যাগ থেকে নাকি বারবিকিউ করার লাইটার পাওয়া গিয়েছিলো, আর সেটা জব্দ করায় মেসি নাকি হাসি ধরে রাখতে পারেননি।

সোশ্যাল মিডিয়ায় একজন তো লিখেই ফেললেন, ‘পরের বার যখন এয়ারপোর্টে লাইনে দাঁড়িয়ে মেজাজ খারাপ হবে, মনে রাখবেন—মেসিকেও কিন্তু লাইনে দাঁড়াতে হয়।’ ফুটবলপ্রেমীদের দাবি, এতো বড় তারকা হয়েও এত সাদাসিধে থাকা— এটাই মেসিকে বাকিদের চেয়ে আলাদা করে।

কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে এই হালকা মেজাজের মেসিকে দেখে আর্জেন্টিনা ভক্তরা কিন্তু বেশ স্বস্তিতে। মাঠের লড়াইয়ে নামার আগে সিকিউরিটির এই ‘হাস্যকর’ বাধা মেসি কীভাবে পার করলেন তা তো দেখলেন, এবার দেখার বিষয় মাঠে কেপ ভর্দের জমাট ডিফেন্স তিনি কীভাবে ভাঙেন।

এসএইচ