৬০ বছরের গোপনীয়তা: পরমাণু অস্ত্র নিয়ে ইসরাইলের দীর্ঘ লুকোচুরি কি শেষ হতে চলেছে?
১৯৬০ সালের শুরুর দিকের ঘটনা। নেগেভ মরুভূমির ওপর দিয়ে ইসরাইলি সামরিক হেলিকপ্টারে চড়ে যাচ্ছিলেন কয়েকজন মার্কিন কূটনীতিক। হঠাৎ নিচে মৃত সাগরের (ডেড সি) পশ্চিমে একটি বিশাল নির্মাণকাজ চোখে পড়ে তাদের। মার্কিন প্রতিনিধিদলের এক সদস্য ইসরাইলি অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে প্রশ্ন করেছিলেন, নিচে এটি কিসের স্থাপনা তৈরি হচ্ছে? জবাবে ইসরাইলি কর্মকর্তা অবলীলায় বলেছিলেন, ‘একটি টেক্সটাইল (বস্ত্র) কারখানা।’