গতকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী রুমানা ইসলাম।
রুমানা ইসলাম জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মাহবুবা রহমান। আজ (শুক্রবার, ২৭ মার্চ) মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৩৫ সালে চট্টগ্রামে জন্ম নেয়া মাহবুবা রহমান অল্প বয়সেই সংগীতজগতে পথচলা শুরু করেন। মাত্র ১২ বছর বয়সে ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে তার গান প্রথম প্রচারিত হয়।
আরও পড়ুন:
পঞ্চাশ ও সত্তরের দশকে রেডিও ও চলচ্চিত্রে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। পল্লিগীতি ও আধুনিক গানে তার স্বতন্ত্র দক্ষতা ছিলো।
‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রে সমর দাসের সুরে গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘নিরালা রাতের প্রথম প্রহরে’, ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’সহ বহু জনপ্রিয় গান।
এছাড়া ‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘নবাব সিরাজউদ্দৌলা’সহ অসংখ্য চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন তিনি।
বাংলা সংগীতাঙ্গনে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন ভক্ত-অনুরাগীরা।





