ঢাবির চারুকলায় চলচ্চিত্র নির্মাতা বানু শুকুর মরদেহ, শ্রদ্ধা জানাতে শুভাকাঙ্ক্ষীদের ভিড়

ঢাবির চারুকলায় চলচ্চিত্র নির্মাতা বানু শুকুর মরদেহ আনা হয়েছে
শিল্পাঙ্গন
0

শেষবারের মতো নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মাতিয়া বানু শুকুকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে। শোকাবহ আবহে শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেছেন দীর্ঘদিনের বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

শেষবারের মতো প্রিয় প্রাঙ্গণ চারুকলায় এলেন সৃজনশীল নির্মাতা মাতিয়া বানু শুকু, তবে নিথর দেহে। এ আঙিনা যেন আজ তার স্মৃতিতে ভারী হয়ে উঠেছে।

দীর্ঘদিন ক্যান্সার আর কিডনি রোগের সঙ্গে যুদ্ধ করে হার মানলেন গুণী এ নির্মাতা। গতকাল (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) রাত ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রিয় মানুষের এমন চলে যাওয়ায় শোকস্তব্ধ স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা। স্মৃতিচারণ, শ্রদ্ধা আর ভালোবাসার টানে তাই আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) সকালে তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন অনেকেই।

পরে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হলে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। তার চলে যাওয়া চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানান দীর্ঘদিনের সহকর্মীরা।

বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে লাল মোরগের ঝুঁটি চলচ্চিত্রের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এসএইচ