ছয় মাসে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
দেশে এখন
0

আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আজ (রোববার, ৩০ আগস্ট) সকালে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠকের পর এ তথ্য জানান তিনি।

বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার জানান, বিভিন্ন খাতে বাংলাদেশে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া। বৈদ্যুতিক যানবাহন ও সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে এ বিনিয়োগ হতে পারে।

প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় রাবার থেকে তৈরি বিশেষ বিটুমিন দিয়ে যেভাবে সড়ক নির্মাণ করা হয়, বাংলাদেশেও পর্যায়ক্রমে সেই প্রযুক্তি ব্যবহার করে দেশের ২০ শতাংশ সড়ক কার্পেটিং করার পরিকল্পনা রয়েছে।

সৌদি আরবের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে আট লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। প্রতিবছর দেশটি থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ প্রবাসী আয় আসে।

তবে গত এক দশকে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট, অতিরিক্ত খরচ ও চাকরির নামে প্রতারণার অভিযোগে কয়েক দফা দেশটির শ্রমবাজার বন্ধ হয়েছে। সর্বশেষ প্রায় দুই বছর ধরে নতুন কর্মী পাঠানো বন্ধ রয়েছে। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর ফের শ্রমবাজার চালুর সম্ভাবনা তৈরি হয়।

এদিকে, রাজধানীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত ই-রিকশার জন্য এক সপ্তাহের মধ্যে নীতিমালা তৈরির কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নকশা ও ট্রাফিক ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশার লাইসেন্স দেয়া হবে না। সৌরবিদ্যুৎচালিত ই-রিকশার চার্জিং পয়েন্টের জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভা থেকে লাইসেন্স নিতে হবে।’

ঢাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আটটি জোন করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এক জোনের ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না বলে জানান তিনি।

ইএ