রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দুর্ঘটনা কবলিত ট্রাক
এখন জনপদে
0

রংপুরের পীরগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) ভোরে পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ পেট্রলপাম্পের সামনে বগুড়া থেকে রংপুরগামী মহাসড়কের রংপুরমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাক আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুটি ট্রাকই ক্ষতিগ্রস্ত হয়। একটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর পড়ে থাকে। ঠিক ওই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসে থাকা রাহিমা আক্তার মুন্নি (৩৫) ঘটনাস্থলে নিহত হন। তিনি গাজীপুর জেলার বাসিন্দা। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় রংপুরের হারাগাছ এলাকার আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা ও রংপুর রিজিয়নের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে মহাসড়ক থেকে দুর্ঘটনা-কবলিত যানবাহন সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইএ