ফুল পঁচে যায়, আমাকে ফুল না দিয়ে গাছের চারা দিয়েন: এমপি রনি

টঙ্গী কনভেনশন হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান
রাজনীতি
এখন জনপদে
1

নির্বাচনে জয়ের পর ফুলেল শুভেচ্ছার বদলে গাছের চারা উপহার নিলেন গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। ব্যতিক্রমী এ আয়োজন করে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী কনভেনশন হলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চারা উপহারের মধ্য দিয়ে পরিবেশবান্ধব গাজীপুর গড়ার বার্তা দেন তিনি।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছের চারা উপহার হিসেবে তুলে দেন নেতাকর্মীরা। পরে এসব চারা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে তুলে দিয়ে তা রোপণের নির্দেশনা দেন তিনি।

শিল্প নগরীর পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘বিএনপি শুধু কথার ফুলঝুরিতে বিশ্বাস করে না, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছেন, সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করবেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আমরা ফুলের পরিবর্তে গাছের চারা উপহার নিচ্ছি এবং সেগুলো রোপণের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের হাতে তুলে দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ফুল পঁচে যায়। গাছের চারা দিলে পরিবেশ রক্ষা হয়। তাই শুভেচ্ছা হিসেবে ফুল না দিয়ে দিতে চাইলে গাছের চারা দিয়েন।’

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম শুক্কুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, যুবদল নেতা ফারহাজ প্রবাল প্রমুখ।

এএইচ