ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর

ময়মনসিংহ
এখন জনপদে
0

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের মাঝে ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। আজ (বুধবার, ৪ মার্চ) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে চেক তুলে দেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

ময়মনসিংহ বিভাগের চার জেলার মোট ১৩৩ জন ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এই চেক তুলে দেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে আহতদের প্রত্যেককে ১ থেকে ৩ লাখ টাকা এবং নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়।

আরও পড়ুন:

জেলা প্রশাসন ও বিএআরটিএ ময়মনসিংহ বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলায় ৭৬টি চেকের বিপরীতে ৩ কোটি ৪ লাখ টাকা, জামালপুর জেলায় ৩৫ জনকে ১ কোটি ২৭ লাখ, নেত্রকোনায় ১৮ জনকে ৭৮ লাখ ও শেরপুর জেলার ৪ জনকে ২০ লাখ টাকার সহায়তা দেয়া হয়।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোকে দ্রুততম সময়ে আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কাজ করে যাচ্ছে বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান।

ইএ