রাজশাহীতে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি

তেলের পাম্পে গ্রাহকদের লম্বা লাইন
এখন জনপদে
0

রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী সোমবার (১৬ মার্চ )থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে, রাজশাহী জেলা পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক সমিতি।

আজ (শনিবার, ১৪ মার্চ) দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় রাজশাহী জেলা পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক সমিতির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

সমিতির নেতারা জানান, সরকার থেকে বলা হচ্ছে বাঘাবাড়ি ডিপো থেকে রাজশাহী অঞ্চলের ৫০টি পাম্প ও ১০টি এজেন্সিকে ৭৫ শতাংশ তেল সরবরাহ করা হচ্ছে। তবে বাস্তবে পাম্পগুলো ৪০ শতাংশের কম তেল উত্তোলন করতে পারছে। তাতে পেট্রোলপাম্প ও এজেন্সি গুলো রাজশাহী অঞ্চলের কৃষিখাত, ২২টি জরুরি দফতরসহ কোল্ড স্টোর গুলোতে তেলের পর্যাপ্ত সরবরাহ করতে পারছেনা।

আরও পড়ুন:

ফলে পাম্পগুলোয় তেল নিতে ভিড়, হট্টগোল, বিবাদ ও মবসৃষ্টি হচ্ছে বলে দাবি করেন পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক সমিতির নেতারা। এতে সরবরাহ কম ও নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানান তারা।

পাশাপাশি, তেল উত্তোলন, বিক্রয় ও রোস্টার করে তেল বিক্রির ৮ দফা দাবি জানিয়ে বিভাগীয় কমিশনারকে রোববারের মধ্যে জানানো হবে বলে জানান তারা।

নেতারা বলেন, বিভাগীয় কমিশনারকে তেল বিক্রির তিন কোম্পানির সঙ্গে বৈঠক করে তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য বলবেন তারা। যদি রোববারের মধ্যে তা না করা হয় তবে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেয় রাজশাহী জেলা পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক সমিতি।

এফএস