নোয়াখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৪ দোকান, কোটি টাকার বেশি ক্ষতির দাবি

পুড়ে যাওয়া দোকানের একাংশ
এখন জনপদে
0

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাটবাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ২৪ টি দোকান। গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রায় ৩ ঘণ্টা স্থায়ী এ অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূইয়ার হাট বাজারের দক্ষিণ পাশের একটি দোকানে হঠাৎ অগ্নিকাণ্ড সূচনা হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়তে থাকে। অগ্নিকাণ্ডের শুরুতে আশেপাশের মানুষজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পাশাপাশি তারা সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। খবর পেয়ে রাত প্রায় দুইটার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন পুরোপুরি নেভাতে আরও এক ঘণ্টার মতো সময় লেগে যায়।

আরও পড়ুন:

চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন বলেন, প্রায় তিন ঘণ্টা স্থায়ী এ অগ্নিকাণ্ডে ওষুধের দোকান, মুদি দোকান, কীটনাশকের দোকান, সিএনজি অটোরিকশার গ্যারেজ, মালামালের আড়তসহ ২৪টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অপরদিকে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল মিয়া বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। অগ্নিকাণ্ডে ভূইয়ার হাট বাজারের ২৪টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ কোটি টাকার মালামাল উদ্ধার করে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত বলা যাবে।

ইএ